ইট বালু কংক্রিটের দখলে কাপ্তাই সড়কের ফুটপাত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটপাত তুমি কার? কেন, ইট, বালু ও কংক্রিটের। এমন বাক্যে লেখা একটি সাইনবোর্ড ঝুলছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নজুমিয়াহাট এলাকায়। সম্প্রতি এলাকার কতিপয় মানুষ ক্ষিপ্ত হয়ে এই সাইনবোর্ডটি গোপনে ঝুলিয়ে দেন। কারণ, দখলদারদের ভয়ে তাঁরা কেউ মুখ খোলার সাহস পাচ্ছেন না। স্থানীয় লোকজন জানান, চট্টগ্রাম-কাপ্তাই সড়কের নজুমিয়াহাট এলাকায় ইট, বালু ও কংক্রিট রেখে ফুটপাত দখল করে গত চার বছর ধরে ব্যবসা করছেন ক্ষমতাসীন দলের নেতা পরিচয়দানকারী জাকির হোসেন। প্রকৃতপক্ষে তিনি একজন চিহ্নিত সন্ত্রাসী। ইট, বালু ও কংক্রিট রাখায় স্থানীয় জনসাধারণ যাতায়াতে কষ্ট পেয়ে সাইনবোর্ডটি ঝুলিয়ে দেন। এতে জাকির হোসেন ক্ষিপ্ত হয়ে সাইনবোর্ড ঝোলানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বেড়াচ্ছেন।রাঙ্গুনিয়া পৌরসভা কার্যালয় সূত্র জানায়, চট্টগ্রাম-কাপ্তাই সড়কের সৈয়দবাড়ি পৌর এলাকার রাঙ্গুনিয়া থানার পুরাতন ভবনসংলগ্ন ফুটপাত দখল করে রাখা হয়েছে ইট ও কংক্রিটের স্তূপ। রাঙ্গুনিয়া থানা জামে মসজিদের ইমাম ওই ইট ও কংক্রিট রেখে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে কেউ কিছু বললে তিনি উল্টো পুলিশের ভয় দেখান। উপজেলার ইছাখালী বাজারে সড়কের ফুটপাত দখল করে এ কে জসিম নামের ক্ষমতাসীন দলের এক কর্মী ইট, বালু রেখে ব্যবসা করছেন। এলাকাবাসী আপত্তি করায় উল্টো মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেন। একইভাবে চন্দ্রঘোনা লিচুবাগান, মরিয়মনগর চৌমুহনী, রোয়াজারহাট, গোচরাবাজার, শান্তিরহাট, রাউজান উপজেলার পাহাড়তলী, নোয়াপাড়াসহ সড়কের বাণিজ্যকেন্দ্রগুলোতে ফুটপাত দখল করে ইট ও বালুর ব্যবসা করছেন ক্ষমতাসীন দলের নেতারা। এ ব্যাপারে যোগাযোগ করা হলে হাটহাজারী উপজেলার নজুমিয়াহাট এলাকায় ফুটপাত দখল করে ইট ও বালুর ব্যবসায়ী জাকির হোসেন বলেন, ‘কারও বাবার জায়গা তো দখল করিনি। সরকারি দলের নেতা হিসেবে সরকারি সড়কের জায়গায় ইট, বালু ও কংক্রিট রেখে ব্যবসা করছি।’ রাঙ্গুনিয়া থানা জামে মসজিদের ইমাম গোলাম ফারুখ বলেন, ‘ইট, কংক্রিট রাখছি, তাতে কী হয়েছে। এ নিয়ে লিখবেন? লিখেন। কোনো সমস্যা নেই।’হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) নাম প্রকাশ না করার শর্তে এ ব্যাপারে বলেন, সড়কের ফুটপাত দেখার দায়িত্ব পুলিশের নয়। বিষয়টি দেখার দায়িত্ব সড়ক ও জনপথ বিভাগের। এর বাইরে উপজেলা প্রশাসনের দেখার এখতিয়ার রয়েছে বলে জানান তিনি।সড়ক ও জনপথ বিভাগের রাঙ্গুনিয়া উপজেলা কার্যালয়ের কার্যসহকারী রাসেল দেওয়ান জানান, ইট, বালু ও কংক্রিট রাখার কারণে জনসাধারণ সড়কের মাঝখান দিয়ে চলাচল করে। ফলে দ্রুতগামী যানবাহনের ধাক্কা খেয়ে বা চাকার নিচে চাপা পড়ে মারা যায় মানুষ। ফুটপাত দখলের ব্যাপারে থানায় একাধিক অভিযোগ দেওয়া হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয় না। সড়ক ও জনপথ বিভাগের চট্টগ্রাম জেলা নির্বাহী প্রকৌশলী রানাপ্রিয় বড়ুয়া বলেন, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্যই তো সড়ক ও জনপথ বিভাগ থানায় অভিযোগ করে। পুলিশ যদি কোনো ব্যবস্থা না নেয়, তাহলে আমাদের কী করার আছে। তবে প্রশাসনের সহযোগিতা নিয়ে ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ নেবেন বলে জানান তিনি। রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আজম সিদ্দিকী এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ফুটপাত দখল করে ইট, বালু ও কংক্রিট রাখার দায়ে এ পর্যন্ত বহু ব্যবসায়ীর কাছ থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় করা হয়েছে। খোঁজ নিয়ে প্রয়োজনে আদালতের অভিযান আরও জোরদার করা হবে।