
চার লেনের সড়কের একটি অংশ চলে গেছে কাভার্ড ভ্যান আর ট্রাকের দখলে। সড়কের বাকি অংশে ছোট-বড় অসংখ্য গর্ত। গর্তে জমেছে পানি আর কাদা। তাতে গাড়ি চালানোই দায় হয়ে পড়েছে চালকদের। গর্ত আর ভাঙাচোরা রাস্তা এড়িয়ে পণ্যবাহী ট্রাক আর কাভার্ড ভ্যানগুলো চলছে সাপের মতো এঁকেবেঁকে। এতে সৃষ্টি হচ্ছে যানজট।
এই বেহাল অবস্থা চট্টগ্রাম নগরের নিমতলা থেকে ওয়াপদা পর্যন্ত পোর্ট কানেকটিং (পিসি) রোডের। গুরুত্বপূর্ণ এই সড়কের ছয় কিলোমিটারের মধ্যে পাঁচ কিলোমিটারের অবস্থাই শোচনীয়।
চট্টগ্রাম বন্দর থেকে বের হওয়া পণ্যবাহী গাড়িগুলোর একটি অংশ এই সড়ক ব্যবহার করে। এ ছাড়া এই সড়কে যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত গাড়িও চলাচল করে।
ঘূর্ণিঝড় মোরার প্রভাবে গত ৩০ ও ৩১ মে চট্টগ্রাম নগরে ভারী বর্ষণ হয়। এর দুই সপ্তাহ না পেরোতেই ১১ ও ১২ জুন আবারও ভারী বর্ষণের কবলে পড়ে নগর। গতকাল শুক্রবারও থেমে থেমে বৃষ্টি হয়েছে নগরে। দুবারের ভারী বৃষ্টিতে পিসি রোডের মতো চট্টগ্রাম নগরের অন্তত ২০টি সড়কের প্রায় ৬০ কিলোমিটার ক্ষতবিক্ষত হয়ে পড়েছে। এই তথ্য চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগের। সড়কগুলোর দুরবস্থার কারণে যানজট সৃষ্টি হচ্ছে। বিপাকে পড়েছেন ঈদের কেনাকাটা করতে বের হওয়া নগরবাসী। একই কারণে ঈদের মৌসুমে প্রত্যাশিত ব্যবসা করতে পারছেন না এসব সড়কের পাশে থাকা বিভিন্ন বিপণিবিতানের ব্যবসায়ীরা। আর খানাখন্দে পড়ে নষ্ট হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ।
সিটি করপোরেশন নগরের পিসি রোডের নিমতলা অংশের গর্তগুলো প্রায় সাত দিন আগে ইট-বালু দিয়ে ভরাট করে দিয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দা মো. ইমরান ও শাহাদাত। কিন্তু রোববার ও সোমবারের বৃষ্টিতে তা উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়।
টানা বৃষ্টিতে নগরের সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর-অক্সিজেন সড়ক, বায়েজিদ বোস্তামী রোড, ডিটি রোড, হালিশহর রোড, আগ্রাবাদ এক্সেস রোড, আরাকান সড়ক, শেখ মুজিব সড়ক, মেরিনার্স রোড, স্ট্র্যান্ড রোড, শাহ আমানত সেতু সংযোগ সড়ক, ও আর নিজাম রোড ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃষ্টির কারণে সড়ক ঠিক রাখা যাচ্ছে না বলে জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমদ। তিনি প্রথম আলোকে বলেন, করপোরেশনের পাঁচটি দল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারে কাজ করছে। বৃষ্টির জন্য সড়কগুলো কার্পেটিং (পিচ) করা যাচ্ছে না। আপাতত ইট, ইটের খোয়া ও বালু দিয়ে গর্তগুলো ভরাট করে দেওয়া হচ্ছে। কিন্তু বৃষ্টিতে তাও উঠে যাচ্ছে। বর্ষা মৌসুম শেষে সড়কগুলো চূড়ান্তভাবে সংস্কার করা হবে বলে জানান তিনি।
গতকাল বেলা একটায় নগরের শেখ মুজিব সড়কের চৌমুহনী অংশে সৃষ্টি হওয়া গর্তগুলো ইট-বালুর মিশ্রণ দিয়ে ভরাট করে দিচ্ছিলেন সিটি করপোরেশনের কর্মীরা। এরপর রোলার দিয়ে তা সমান করে দেওয়া হয়। সিটি করপোরেশনের কর্মী সেলিম মিয়া জানান, তাঁরা শেখ মুজিব সড়কের অন্তত ১৫টি বড় গর্ত ইট-বালুর মিশ্রণ দিয়ে ভরাট করে দিয়েছেন।
শেখ মুজিব সড়কের বাদামতলী মোড় থেকে শুরু করে পিসি রোডের ছোটপুলে গিয়ে শেষ হয়েছে আগ্রাবাদ এক্সেস রোড। ওই সড়কে গতকাল দুপুরেও এক ফুট পানি জমে ছিল। সড়কের বাদামতলী মোড় অংশে রয়েছে বিশাল বিশাল গর্ত। সড়কের বেহাল দশার কারণে ক্রেতা কম, ব্যবসায়ীরা দোকান খুলে অলস সময় পার করছেন। ব্যাপারীপাড়ায় সিটি শপিং কমপ্লেক্সের নিচতলায় রয়েছে সান ফ্লাওয়ার প্লাস টেইলার্স নামের একটি দরজির দোকান। দোকানি জীবন চন্দ্র সাহা প্রথম আলোকে বলেন, রাস্তার খারাপ অবস্থার কারণে ক্রেতারা আসছেন না। ২০ রোজা শেষ হওয়ার পরও কাপড় সেলাই করার প্রত্যাশিত ‘অর্ডার’ পাননি তিনি। অথচ অন্যান্য ঈদ মৌসুমে ১০ রোজার পর কাজের চাপে আর অর্ডার নেওয়া হতো না।
এদিকে নগরের প্রধান সড়ক খ্যাত সিডিএ অ্যাভিনিউয়ের পাঁচ কিলোমিটারের মধ্যে তিন কিলোমিটারের অবস্থা খারাপ। রাস্তায় ছোট-বড় খানাখন্দ থাকায় যানবাহন চলাচল করছে ধীর গতিতে। এতে সড়কে যানজট সৃষ্টি হয়েছে। নগরের বড় বড় বিপণিবিতানের বেশ কয়েকটি এই সড়কের পাশে অবস্থিত। তার একটি হচ্ছে জিইসি এলাকার স্যানমার ওশান সিটি।
এই বিপণিবিতানের ‘স্যানমার ওশান সিটি ওনার্স অ্যাসোসিয়েশন’-এর সাধারণ সম্পাদক মোহাম্মদ আহসান উল্লাহ প্রথম আলোকে বলেন, সড়কের ওপর চলছে উড়ালসড়কের কাজ। এর মধ্যে নিচে রাস্তার অবস্থা খুবই খারাপ। গর্তের সঙ্গে আছে কাদা পানি। এর সঙ্গে যোগ হয়েছে যানজট। এসব কারণে ক্রেতারা মার্কেটে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না।
মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত আখতারুজ্জামান চৌধুরী উড়ালসড়কের প্রকল্প পরিচালক ও সিডিএর নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান জানান, রোদ উঠলেই রাস্তা পিচঢালা করে দেওয়া হবে।
নগরের পিসি রোডের নয়াবাজার থেকে শুরু হয়ে ডিটি রোডের ঈদগাঁও মোড়ে এসে শেষ হয়েছে তিন কিলোমিটার দীর্ঘ হালিশহর সড়ক। সড়কের প্রায় পুরোই অংশেই রয়েছে ছোট-বড় অসংখ্য খানাখন্দ। ছোট-বড় গর্ত ছিল ডিটি রোডেও।