ইট-বালু ফেলে সড়কের গর্ত ভরাটের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর সেতু থেকে মেঘনা সেতু পর্যন্ত মহাসড়কের ১৭টি স্থানে কার্পেটিং উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। সওজ কর্তৃপক্ষ অস্থায়ী ভিত্তিতে এসব গর্ত ইট দিয়ে ভরাট করেছে। ইটের ওপর দিয়ে যানবাহন ধীরগতিতে চলতে গিয়ে প্রতিদিন সৃষ্টি হচ্ছে যানজট।
সরেজমিনে জানা যায়, মহাসড়কের কাঁচপুর সেতু থেকে মেঘনা সেতু পর্যন্ত মহাসড়কের ১৪ কিলোমিটার এলাকায় কমপক্ষে ১৭টি স্থানে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়। সওজ কর্তৃপক্ষ এসব গর্ত বন্ধ করার জন্য গর্তে ইট ও বালু ফেলে অস্থায়ী ভিত্তিতে মেরামত করে। তিন মাস ধরে একাধিকবার এসব গর্তে ইট ও বালু ফেলা হলেও কয়েক দিন পরেই এসব গর্ত থেকে ইট-বালু সরে গিয়ে নতুন করে আবারও গর্তের সৃষ্টি হচ্ছে।
মহাসড়কের ওপর সৃষ্টি হওয়া গর্তে ইট বসানোর ফলে ইটের ওপর দিয়ে যানবাহনগুলো ধীরগতিতে চলতে হয়। এ কারণে তিন মাস ধরে মহাসড়কের কাঁচপুর, মোগরাপাড়া চৌরাস্তা, মদনপুর, জাঙ্গাল, কেওঢালা ও দড়িকান্দি এলাকায় প্রতিদিন দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। ফলে ভোগান্তিতে পড়ছে পরিবহনের চালক ও যাত্রীরা।
ঢাকা থেকে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের চালক নজরুল ইসলাম জানান, ইট বিছানো সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিদিন কাঁচপুর ও মোগরাপাড়া এলাকায় দীর্ঘক্ষণ যানজটে ভোগান্তি পোহাতে হয়।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল মাহমুদ জানান, মহাসড়কের কাঁচপুর সেতু থেকে মেঘনা সেতু পর্যন্ত যানজটের প্রধান কারণ মহাসড়কের ওপর বড় বড় গর্ত। এসব গর্ত ইট ফেলে ভরাট করলেও ইটে যানবাহনের চাকা থেমে যায়। ফলে ধীরগতিতে চলতে হয় যানবাহনকে।
নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শামসুদ্দিন আহম্মেদ প্রথম আলোকে বলেন, বৃষ্টির কারণে মহাসড়কে সৃষ্টি হওয়া গর্তগুলো ইট-বালু ফেলে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়েছে। বৃষ্টির মৌসুম শেষ হলে এসব স্থানে কার্পেটিং করা হবে।