ইট-বালুর ব্যবসা চলে জাপা নেতার মদদে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের সিরাজউদ্দৌলা সড়কে প্যারেড মাঠের পূর্বপাশের ফুটপাতটি দখল করে যে ইট-বালুর ব্যবসা চলছে তা এখনো উচ্ছেদ করেনি পুলিশ। কারণ, রাজনৈতিক ছত্রছায়ায় এ ব্যবসা চলছে। ব্যবসা নির্বিঘ্ন করতে পুলিশকেও নিয়মিত চাঁদা দেয় দখলকারীরা। সড়কের একাংশ দখল করে ট্রাক ও ঠেলাগাড়ি দাঁড় করিয়ে ইট-বালু বিক্রি হওয়ায় ভোগান্তিতে আছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। খোঁজ নিয়ে জানা গেছে, জাতীয় পার্টির কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য ও চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক সোলায়মান আলম শেঠ ইট-বালু ব্যবসায়ীদের মদদ দিয়ে আসছেন। তাঁর ছত্রছায়ায় চলছে অবৈধ এই ব্যবসা, যে কারণে সিরাজউদ্দৌলা সড়কে রুমাল ছাড়া চলাচল করা কঠিন। ফুটপাত দখলকারীদের সহযোগিতা করার প্রসঙ্গে জাতীয় পার্টির নেতা সোলায়মান আলম শেঠ প্রথম আলোকে বলেন, ‘সবাই বলে ইট-বালুর ব্যবসায়ীরা জাতীয় পার্টি করেন। তাঁরা কখনো আমাদের দলের মিছিল সমাবেশে আসেননি। তবে তাঁরা সবাই স্থানীয়। সারা দিন এক হাজার ইট বিক্রি করে হয়তো ১০০ টাকা পায়। এতে করে ছেলেগুলো সন্ত্রাসী কার্যকলাপ থেকে দূরে থাকে। তাদের উচ্ছেদ না করতে আমি পুলিশের ট্রাফিক বিভাগ ও সিটি করপোরেশনকে অনুরোধ করেছি। আপনিই বলুন, এটা কি অপরাধ?’স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ব্যস্ততম সড়কের ফুটপাতে ইট-বালুর ব্যবসা বসিয়ে হাজার হাজার পথচারীর কষ্ট বাড়ানো হয়েছে। ওই পথ পার হওয়ার সময় রাস্তায় বাতাসের সঙ্গে ধুলাবালু উড়ছে। এতে সাধারণ মানুষ শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হচ্ছে। চট্টগ্রাম নগর পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘ফুটপাত দখলমুক্ত করার দায়িত্ব চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক)। জাতীয় পার্টি নেতা সোলায়মান শেঠের অনুরোধে সিটি করপোরেশন দখলকারীদের উচ্ছেদ না করে নীরব আছে। পুলিশ একাধিকবার তাঁদের উচ্ছেদ করেছে।’সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাক ও ঠেলাগাড়ির কারণে যানজট সৃষ্টির বিষয়ে জানতে চাইলে সোলায়মান শেঠ বলেন, ‘ট্রাক আসে শুধু রাতে। মালামাল নামিয়ে দিয়ে চলে যায়। রাস্তায় ঠেলাগাড়ি রাখার জন্য পুলিশকে চাঁদা দেন ব্যবসায়ীরা। আমি ব্যবসায়ীদের বলেছি রাস্তায় যেন যানজট না হয়। যানজট হলে ইট-বালুর ব্যবসায়ীরা জট ছাড়াতে সহায়তা করেন।’চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মন্নান সিদ্দিকী বলেন, ‘উনার (সোলায়মান শেঠ) কথায় আমরা চলব কেন। আগেও আমরা অনেকবার দখলদারদের উচ্ছেদ করেছি।’চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (এসি) আবদুল মান্নান বলেন, ‘ফুটপাত চলাচলের জন্য বাধামুক্ত করা সিটি করপোরেশনের দায়িত্ব। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বা অধিবাসী কেউ অভিযোগ করলে আমরা ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ নেব।’