ঢাকার আশুলিয়ার নয়ারহাট থেকে সাভার পৌর এলাকার বেদেপাড়া পর্যন্ত সাড়ে আট কিলোমিটার সড়ক যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন সংস্কার না করায় সড়কের কোথাও কোথাও কার্পেটিং ও খোয়া উঠে গেছে। কোথাও সড়কের দুই পাশ দেবে গেছে। বড় গর্তেরও সৃষ্টি হয়েছে।
সাভার উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, প্রায় আট বছর আগে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নয়ারহাট থেকে সাভার পৌর এলাকার বেদেপাড়া পর্যন্ত সড়কটির উন্নয়ন করা হয়। এর মধ্যে সাড়ে পাঁচ কিলোমিটারে কার্পেটিং ও প্রায় তিন কিলোমিটারে ইট বিছানো (সলিং) হয়। এরপর থেকে সড়কটি সাভার ও ধামরাইয়ের মধ্যে সড়ক যোগাযোগের ক্ষেত্রে বিকল্প হিসেবে ব্যবহার হয়ে আসছে।
৯ নভেম্বর সরেজমিনে দেখা যায়, নয়ারহাট থেকে চাকলগ্রাম পর্যন্ত সড়কের দেড় কিলোমিটার অংশের কার্পেটিং উঠে গেছে। এরপর থেকে ১০০ গজের মতো সড়কের অবস্থা ভালো থাকলেও পরের ৩০০ গজ খানাখন্দে ভরা। এরপর থেকে মনোহরপুর গ্রামের সরলতা হাউজিং পর্যন্ত সড়কের দুই পাশে ভাঙা। মনোহরপুর থেকে মাদারটেক দুই কিলোমিটার অংশ যানবাহন চলাচলের উপযোগী। মাদারটেক থেকে সিন্দুরিয়া পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কে ইট বিছানো রয়েছে। ওই অংশে মাদারটেক বাজার থেকে দারুল ইসলাম ফাজিল মাদ্রাসা পর্যন্ত সড়কের অবস্থা অনেকটা ভালো। তবে এরপর (মাদ্রাসা) থেকে সিন্দুরিয়া পর্যন্ত সড়কে কোথাও কোথাও ইট উঠে গেছে। আবার কোথাও দেবে গিয়ে ঢেউয়ের মতো সৃষ্টি হয়েছে। সিন্দুরিয়া থেকে সাভারের বেদেপাড়া পর্যন্ত সড়কের দুই পাশে কোথাও দেবে গেছে, কোথাও বড় গর্তের সৃষ্টি হয়েছে।
সাভার ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল হাকিম বলেন, সাভারের সঙ্গে ধামরাইসহ আশুলিয়ার একাংশের অন্তত ১০টি গ্রামের মানুষের যোগাযোগের জন্য নয়ারহাট-সাভার সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। এরপরও দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার করা হচ্ছে না। ফলে বেহাল ওই সড়কে চলাচল করতে গিয়ে লোকজন চরম ভোগান্তির শিকার হচ্ছে।
সাভারের আড়াপাড়ার মাইক্রোবাসের চালক আবুল কালাম বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা কারণে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে বা আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ডে যানজটের সৃষ্টি হলে ছোট গাড়ির অনেক চালক নায়ারহাট-সাভার সড়ক ব্যবহার করেন। তবে বর্তমানে অনেকেই আগের মতো আর ওই সড়ক ব্যবহার করেন না।
লেগুনার (হিউম্যান হলার) চালক বাদশা মিয়া বলেন, সাভার-নয়ারহাট সড়কে প্রতিদিন শতাধিক লেগুনা ও দেড় শতাধিক ব্যাটারিচালিত ইজিবাইক চলাচল করে। জরাজীর্ণ সড়কে চলতে গিয়ে এসব যান প্রায়ই বিকল হয়ে পড়ছে। দুর্ঘটনাও ঘটছে মাঝেমধ্যে।
সাভার উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের জরিপকারক (সার্ভেয়ার) আবদুর রাজ্জাক বলেন, বছর খানেক আগে সড়কটির নয়ারহাট থেকে আড়াই কিলোমিটার পর্যন্ত কার্পেটিং করার জন্য দরপত্র আহ্বান করা হয়। এর মধ্যে দেড় কিলোমিটার অংশের উভয় পাশে ইট বিছিয়ে বর্ধিত করা হবে। এসব কাজের জন্য ব্যয় ধরা হয় ৫৫ লাখ টাকা। দরপত্রে অংশ নিয়ে ইশরাত বিল্ডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পায়। গত জুন মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও প্রতিষ্ঠানটি এখনো কাজ শুরু করেনি।
ইশরাত বিল্ডার্সের স্বত্বাধিকারী সান্টু রহমান বলেন, ‘কাজ পাওয়ার পর এক ব্যবসায়ীকে ঠিকা দেওয়া হয়েছিল। তিনি আর্থিক সংকটের কারণে কাজ শুরু করতে পারেননি। সময়মতো কাজ না করায় তাঁর সঙ্গে চুক্তি বাতিল করে আমি নিজেই কাজ করার প্রস্তুতি নিয়েছি। আশা করি, এ মাসের মধ্যেই কাজ শেষ করতে পারব।’
উপজেলা প্রকৌশলী খন্দকার আসাদুজ্জামান বলেন, আপাতত সড়কটির বড় ধরনের কোনো সংস্কার হচ্ছে না। তবে জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় রেখে সড়কটিকে উন্নয়ন প্রকল্পের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।