ইট ভাঙার মেশিন খাদে, দুই শ্রমিকের মৃত্যু
রাজধানীর কদমতলী থানা এলাকায় গতকাল শুক্রবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে ইট ভাঙার ইঞ্জিনচালিত একটি মেশিন খাদে পড়ে ঘটনাস্থলে দুই শ্রমিক নিহত হয়েছেন। সামান্য আহত হয়েছেন অপর দুজন।
নিহত দুজন হলেন নজরুল ইসলাম (৪৫) ও হনুফা বেগম (৪০)। হতাহত শ্রমিকেরা ওই মেশিনে করে ইট ভাঙতে যাচ্ছিলেন।
ফায়ার সার্ভিসের কর্মীরা ওই দুই শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠান। রেকার দিয়ে মেশিনটি তুলে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম প্রথম আলোকে বলেন, গতকাল সকাল সাতটার দিকে কদমতলী থানা এলাকার জিয়া সরণির বটতলার ফ্যান ফ্যাক্টরি এলাকায় এ ঘটনা ঘটে। ইঞ্জিনচালিত মেশিনটি নিয়ে শ্রমিকেরা পাশের এক জায়গায় ইট ভাঙতে যাচ্ছিলেন। ফ্যান ফ্যাক্টরি এলাকায় যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে মেশিনটি রাস্তার পাশে কাত হয়ে যায়। এতে ইঞ্জিনের ওপর বসা চার শ্রমিক নিচে নর্দমার মধ্যে পড়ে যান। পরে মেশিনটিও ওই নর্দমার ওপর পড়লে ওই দুই শ্রমিক নিচে চাপা পড়ে নিহত হন। বাকি দুই শ্রমিক প্রাণে রক্ষা পান।
ওসি বলেন, নোংরা পানি ছাড়াও ওই নর্দমায় ছিল কাদামাটি। মেশিনটির নিচে চাপা পড়ায় শ্বাস বন্ধ হয়ে ওই দুই শ্রমিক মারা গেছেন।
ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিহত হনুফার স্বামী ভ্যানচালক মো. ইউসুফ জানান, চার বছর ধরে ইট ভাঙার কাজ করছিলেন হনুফা। তাঁর গ্রামের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার আইলাপুরে। রাজধানীতে শ্যামপুরের লাল মসজিদ ১ নম্বর রোড এলাকায় তাঁদের বাসা। তাঁদের দুই মেয়ে ও এক ছেলে আছে।
নিহত নজরুলের ছোট ভাই মো. মালেক জানান, শ্যামপুরের লাল মসজিদ এলাকায় থাকতেন নজরুল। চার মেয়ে ও এক ছেলে নিয়ে নজরুলের কষ্টের সংসার। অনেক কষ্টে তিন মেয়েকে বিয়ে দিয়েছেন। ছোট ছেলে নয় বছরের রুবেল স্থানীয় একটি বিদ্যালয়ে পড়ে। ছোট মেয়ে রুমেলার বয়স পাঁচ বছর। নজরুলের মৃত্যুতে পুরো পরিবারটি এখন চোখে অন্ধকার দেখছে।
মর্গের সামনে থাকা হনুফা ও নজরুলের স্বজনেরা জানান, এক হাজার ইট ভেঙে ২০০ টাকা করে পেতেন ওই দুজন। এভাবে প্রতিদিন তাঁদের ২০০ থেকে ২৫০ টাকা আয় হতো।