ইট-সুরকি ফেলে গুলশান লেক ভরাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইট-সুরকি ফেলে ভরাট করা হচ্ছে গুলশান লেক। ছবিটি গতকাল গুলশান-১–এর ৩০ নম্বর সড়কের মাথা থেকে তোলা l প্রথম আলো
ইট-সুরকি ফেলে ভরাট করা হচ্ছে গুলশান লেক। ছবিটি গতকাল গুলশান-১–এর ৩০ নম্বর সড়কের মাথা থেকে তোলা l প্রথম আলো

গুলশান-১-এর ৩০ নম্বর রোডে ইট-সুরকি ও বর্জ্য ফেলে লেক ভরাট করছে কিছু লোক। মাস খানেক ধরে এই ভরাটকাজ চলছে। তবে লেকের মালিক রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বলেছে, তারা এমন তথ্য জানে না।

গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, ৩০ নম্বর রোডের পশ্চিম মাথায় গুলশান লেক। লেকের পাড়ে যাওয়ার পথে টিনের বেড়া দেওয়া। লেকের ভেতরে প্রায় ১০ শতক জায়গা ইট-সুরকি, বালু-বর্জ্য দিয়ে ভরাট করা। এর মধ্যে একটি কালো রঙের সাইনবোর্ড টানানো আছে। তাতে লেখা, এই ৬৭ শতক জমি ব্যক্তিমালিকানাধীন। এই জমি নিয়ে মামলা আদালতে বিচারাধীন আছে। তবে লেক ভরাটের জায়গায় কাউকে পাওয়া যায়নি। সাইনবোর্ডে জমির মালিক দাবিদার কারও নাম নেই।

তবে স্থানীয় লোকজন জানান, বাড্ডার জাকির হোসেনসহ কয়েকজন মিলে এই লোক ভরাট করছেন। জাকিরের মুঠোফোন নম্বর জোগাড় করে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ক্রয়সূত্রে তিনিসহ ছয়জন এই জমির মালিক। ২০০১ ও ২০০৬ সালে দুই দাগে এই জমি কিনেছেন তাঁরা। তবে প্রকল্প নেওয়ার পর জমি লেকের মধ্যে পড়েছে বলে রাজউক দাবি করছে। এ নিয়ে আদালতে মামলা চলমান আছে। মামলা চলা অবস্থায় লেক ভরাট করছেন কে, জানতে চাইলে তিনি বলেন, এ কাজের সঙ্গে তাঁরা সংশ্লিষ্ট নন। আশপাশের এলাকার অনেকে এখানে ময়লা ফেলছেন।

৩০ নম্বর রোডে প্রায় ১৫ বছর ধরে বাস করেন জামিলুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, তিন বছর আগেও লেকের এই জায়গাটিতে খেয়াঘাট ছিল। বহু লোক গুলশান থেকে নৌকায় করে বনানী যেতেন। কে বা কারা ঘাটটি ভরাট করে ফেলেছে। কিছুদিন আগে রাতে একটি পিকআপে করা ইট-সুরকি ফেলতে দেখা গেছে। অথচ রাজউক যে প্রকল্প নিয়েছে, তা শেষ হলে এই লেকটি হাতিরঝিলের মতো হতে পারে। কিন্তু শুরু থেকে প্রকল্পটি বাস্তবায়নে রাজউকের গতি দেখা যাচ্ছে না। প্রায় একই কথা বলেছেন ২৯ নম্বর রোডের বাসিন্দা কামলার উদ্দিন।

জানতে চাইলে রাজউকের গুলশান-বনানী লেক প্রকল্পের পরিচালক আমিনুল রহমান প্রথম আলোকে বলেন, ‘একবার লেকের ওই অংশটি খনন করা হয়েছিল। এখন আবার ওই জায়গা ভরাট করার বিষয়টি আমাদের জানা নেই।’ তিনি বলেন, এ জায়গার মালিকানা নিয়ে মামলা থাকায় লেকের পাড়টি সংস্কার ও হাঁটাপথ (ওয়াকওয়ে) তৈরি করা যাচ্ছে না।

রাজউক সূত্র জানায়, ২০০২ নালে বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের আমলে এই লেকটি রক্ষা ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু বিভিন্ন কারণে তা বাস্তবায়ন হয়নি। ২০১১ সালে নতুন করে প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু খুব ধীরগতিতে এগোচ্ছে প্রকল্পের কাজ। আর এই ফাঁকে চলছে লেকের বিভিন্ন অংশে দখল। এমন জায়গা দখল নিয়ে ১১টি মামলা চলছে।