ইটনা ট্রলার ঘাটের দরপত্র সব কিনে নিয়েছে প্রভাবশালীরা!
কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় ‘ট্রলার ঘাটের’ দরপত্র ক্ষমতাসীন দলের কতিপয় প্রভাবশালী কিনে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগসাজশে ক্ষমতাসীন দলের প্রভাবশালীরা দরপত্র কিনে নিয়ে সরকারের প্রায় ১০ লাখ টাকার রাজস্ব ক্ষতি করেছে বলে স্থানীয় একাধিক সূত্র জানায়। এ ব্যাপারে গতকাল বুধবার এলাকার ব্যবসায়ী মো. রুকন উদ্দিন ঠাকুরসহ নয়জন যৌথ স্বাক্ষরে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় একাধিক সূত্র জানায়, ইটনা ট্রলার ঘাট ২০১২-১৩ অর্থবছরে এক বছরের জন্য ইজারা দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় দরপত্র আহ্বান করে। দরপত্র বিক্রির তারিখ ছিল ৫ জুন। দরপত্র দাখিলের সময় ছিল গতকাল বুধবার দুপুর দুইটা পর্যন্ত। কিন্তু স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কর্মচারী ও অন্যদের সঙ্গে যোগসাজশে নিজেদের মধ্যে দরপত্র কিনে নেয়। ইটনা সদরের হাজি মুক্তার হোসেনসহ অন্যরা জানান, দরপত্র বিক্রির কাজটি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সহকারী মাজহারুল হক। দরপত্র বিক্রির শেষ দিন ছিল মঙ্গলবার। কিন্তু সোম ও মঙ্গলবার একাধিকবার অফিসে গিয়ে তাঁকে না পেয়ে দরপত্র কিনতে পারেননি। রাজনৈতিক প্রভাবশালীরা ১২ লাখ টাকার ঘাটটি নামমাত্র দরে ইজারা নিতে ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সবাইকে হাত করে ফেলেছে।অনুসন্ধানে জানা গেছে, গত বছর ঘাটটি তিন লাখ ৭০ হাজার টাকায় ইটনা কলেজ সমতার ভিত্তিতে ডেকে নেয়। পরে ঘাটটি ১০ লাখ টাকায় (সাব-লিজ) উপ-ইজারা দেন মো. রুকন উদ্দিন ঠাকুরের কাছে। মো. রুকন উদ্দিন ঠাকুর জানান, ১০ লাখ টাকা দেওয়ার পরও তাঁর ভালো লাভ হয়েছে। তিনি এবার ঘাটটি ১২ লাখ টাকায় নিতে রাজি। কিন্তু কয়েক দিন ইউএনও অফিসে গিয়ে দরপত্র কিনতে না পেরে তিনি চলে আসেন। তিনিসহ নয়জন এ ব্যাপারে জেলা প্রশাসকের কাছে গতকাল লিখিত অভিযোগ দিয়েছেন।ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুল ইসলাম জানান, দরপত্র যথারীতি বিক্রি হয়েছে। সাতটি দরপত্র বিক্রি হয়েছে। গতকাল সাতটি দরপত্রই বাক্সে জমা পড়েছে।এলাকার ব্যবসায়ী মো. মুনসুরুল আলম ও মো. মিজানুর রহমান জানান, কমপক্ষে ৩০টি দরপত্র বিক্রি হতো। কিন্তু স্থানীয় প্রশাসন প্রভাবশালীদের সঙ্গে হাত মেলানোর কারণে সাধারণ ব্যবসায়ীরা দরপত্র কিনতে পারেননি। জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান জানান, লিখিত অভিযোগ এখনো হাতে আসেনি। অভিযোগ পাওয়ার পর আইন ও নিয়ম মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।