ইটনায় খালে বেড়া দিয়ে মাছ নিধন
কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের বউবাচলাই নদের শাখা পাতলা মোড়া খালে বাঁশের বেড়া দিয়ে নিষিদ্ধ ভিম জাল ফেলে লাখ লাখ টাকার মা ও পোনামাছ নিধন চলছে। এতে হাওরে মাছের স্বাভাবিক প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এলাকাবাসী ও মৎস্যজীবীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভিম জাল দিয়ে মাছ ধরায় এলাকার অন্তত ১০টি জলমহালে মা ও পোনামাছের স্বাভাবিক চলাফেরা বিঘ্নিত হচ্ছে। মাছের স্বাভাবিক প্রজননও ব্যাহত হচ্ছে।এ ছাড়া ভিম জালের কারণে উপজেলা সদর, জয়সিদ্ধি ও আশপাশের ২৫টি গ্রামের ইঞ্জিনচালিত ট্রলার চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। গ্রামের লোকজন নৌকায় করে অনেক পথ ঘুরে বাড়ি ফিরছেন।এলাকাবাসী অভিযোগ করেন, জেলা জলমহাল কমিটির সদস্য প্রভাবশালী নুরু মিয়া খালে অবৈধভাবে বেড়া দিয়ে নিষিদ্ধ ভিম জাল ফেলে মাছ নিধন করছেন। এলাকার রতন মিয়া (২৮), রুবেল মিয়াসহ (৩০) একাধিক মৎস্যজীবী বলেন, পোনামাছগুলো বড় হওয়ার সময় এখন। কিন্তু ভিম জাল ফেলার কারণে জয়সিদ্ধি জলমহাল পাতলা মোড় খালসহ ২০টি জলমহালে মাছের প্রজনন ও বৃদ্ধি মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এলাকার প্রভাবশালী ও জলমহাল কমিটির সদস্য নুরু মিয়া ও তাঁর লোকজন বিশাল ভিম জাল ফেলে হাওরের ব্যাপক এলাকার মৎস্যসম্পদ ধ্বংস করছেন।জেলেরা জানান, স্পিকার আবদুল হামিদ হাওরে ক্ষতিকর ভিম জাল নিষিদ্ধ ঘোষণা করেছেন। তিনি জেলা শহর ও উপজেলায় বিভিন্ন সভায় একাধিকবার স্থানীয় প্রশাসনকে ভিম জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। অথচ প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নুরু মিয়া নিষিদ্ধ ভিম জাল দিয়ে মাছ নিধন করে চলেছেন।নুরু মিয়া মুঠোফোনে বলেন, তিনি যা করছেন, এ বিষয়ে স্থানীয় প্রশাসন অবগত আছে। সুতরাং এ বিষয়ে তিনি আর কিছু বলতে রাজি নন। উপজেলা মৎস্য কর্মকর্তা রাশিদুল হক বলেন, ‘এ উপজেলায় আমি সবে যোগদান করেছি। ভিম জালের বিষয়টি জানলাম। শিগগির এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওবায়দুল ইসলাম বলেন, এ ব্যাপারে মৎস্য কর্মকর্তার সঙ্গে আলাপ হয়েছে। ব্যবস্থা নেওয়া হবে।