ইটনায় দুই পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ আহত ৫০
কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনু নদ থেকে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনকে কেন্দ্র করে গতকাল শনিবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মহিলা-শিশুসহ ৫০ জনের বেশি আহত হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ইটনা উপজেলার বড়িবাড়ী ইউনিয়নের বড়িবাড়ী গ্রামের শিমূলবাঁকহাটি এলাকাটি বর্ষার কবলে পড়ে প্রতিবছর ভেঙে যায়। বর্ষার ভাঙন থেকে রক্ষার জন্য এলাকার প্রভাবশালী সাইদুর রহমানের লোকজন ধনু নদ থেকে মাটি উত্তোলন করে ভরাট করতে চান। গতকাল বেলা ১১টার দিকে ড্রেজার দিয়ে নদ খনন করার সময় বড়িবাড়ী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিনের লোকজন খননকাজে বাধা দেন। এ সময় দুই পক্ষের মধ্যে প্রথমে তর্কবির্তক হয়। একপর্যায়ে উভয় পক্ষ দা, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে মহিলা-শিশুসহ ৫০ জনের বেশি লোক আহত হয়। গুরুতর আহত সাইদুর রহমান (৭০), ইসমাইল (৫০), আলম (৫৫), খাউশ (৭০), জালাল (৪১), আহিম (৩০), আওয়াল (৩৫), আওলাদ (২২), সেলিম (২৩), আনোয়ার (২৫), হাসেম (৭১), আবদুর রহমান (৩৫), শামীম (১৮), নাঈম (১৭), মিজান (১৪), সাইফুল (৩৪), জাফরান (১৫), রশিদ (৫০), কামরুল (১৭), জামেনা (৫০), রহিমা (৩৫), পপি (১২), কাদির (৩০), কাদির (৪০), সোলায়মান (৫০), সাইদুর (৪০), ফারুক (৪০), তারা মিয়া (৩০), শহীদুলাহ (২৫), রুহুল (৩০), গেনু (৫০) ও মুসলিম (৫৫) আহত হন। আহত ব্যক্তিদের কিশোরগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে ইটনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে সাইদুর রহমান জানান, প্রতিবছর বর্ষার মৌসুমে বাড়ির আঙিনা ভেঙে ছোট হয়ে আসছে। বাড়ির সামনের অংশ ভরাট করার জন্য মাটি উত্তোলনের উদ্যোগ নেওয়া হলে প্রতিপক্ষ মহিউদ্দিনের লোকজন বাধা দেওয়ায় এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে থানায় মামলা করা হবে।মো. মহিউদ্দিন জানান, কারও ব্যক্তিগত বাড়ি ভরাট করার জন্য নদী থেকে মাটি উত্তোলন করা বেআইনি। তাই গ্রামবাসী এ অবৈধ কাজে বাধা দেয়। বাধা না মানায় সংঘর্ষের ঘটনা ঘটে।ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা উপপরিদর্শক মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিরা বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। কোনো পক্ষই থানায় এজাহার নিয়ে আসেনি। এলে মামলা রেকর্ড করা হবে।