ইটনায় নিখোঁজ জেলে বরুণের লাশ উদ্ধার
কিশোরগঞ্জে ইটনা উপজেলার ধনু নদী থেকে গতকাল বুধবার জেলে বরুণ বর্মণের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার আট দিন পর তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয় দেওয়ান বাহিনীর হামলায় আহত হয়ে বরুণ নিখোঁজ হন বলে অভিযোগ উঠেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, গত ২৫ জানুয়ারি ভোরে ইটনার পশ্চিম গ্রামের বরুণ ও তাঁর ভাই অরুণ বর্মণসহ কয়েকজন নৌকা নিয়ে বলধারের উন্মুক্ত জলাশয়ে মাছ ধরতে যাচ্ছিলেন। পথে জলকর জলমহালের দেওয়ান আ. রহিমের ফিশারির ক্যাডাররা দুটি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে তাঁদের ধাওয়া করে। সন্ত্রাসীরা নৌকা ও জালসহ চার জেলেকে আটক করে দেওয়ান আ. রহিমের মাছের খলায় নিয়ে যায়। লোহার রড দিয়ে পিটিয়ে আহত করা হয় তাদের। পরদিন সকালে এলাকাবাসী দেওয়ানের মাছের খলা থেকে অরুণসহ আরেকজনকে উদ্ধার করে। নিখোঁজ হন বরুণ। গত ৩০ জানুয়ারি অরুণ বাদী হয়ে ইটনা থানায় মামলা করেন। এতে দেওয়ান আ. রহিমের ফিশারির কর্মচারী এনায়েত করিম, আলম মিয়া, গোলাপ মিয়া, লিটন মিয়া, জিলু মিয়া, মঈনউদ্দিন, ও জাবেদ মিয়াকে মামলায় আসামি করা হয়।দেওয়ান আ. রহিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেম জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।কিশোরগঞ্জের পুলিশ সুপার মীর রেজাউল আলম জানান, বরুণের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।