ইটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ইটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে বাড়ির পাশের ডোবা থেকে স্থানীয় লোকজন লাশ দুটি উদ্ধার করে।

নিহত দুই শিশু হলো উপজেলার সদর ইউনিয়নের হাজারীকান্দা গ্রামের শহীদুল্লাহ মিয়া (৪) ও মোশাররফ হোসেন (৪)। তারা আপন চাচাতো ভাই।

নিহত শিশুদের পরিবারের সদস্যরা জানান, নিহত শহীদুল্লাহ হাজারীকান্দা গ্রামের ওসমান গণি এবং মোশারফ হোসেন একই বাড়ির আবুল কালামের ছেলে। এই বাড়ির পাশে একটি ডোবা আছে। দুপুর একটার দিকে বাড়ির উঠোনে তারা খেলছিল। কিছুক্ষণ পর বাড়ির লোকজন দেখে, উঠানে শহীদুল্লাহ ও মোশাররফ নেই। অনেক খুঁজেও তাদের না পেয়ে ডোবায় জাল ফেলা হয়। তখন জালে শিশুদের মৃতদেহ উঠে আসে।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।