ইটনায় ফুরসত নেই চাঁই কারিগরদের
কিশোরগঞ্জের ইটনা উপজেলার দাসপাড়ায় মাছ ধরার চাঁই তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা। বর্তমানে একটুও ফুরসত নেই তাঁদের। এ বছর অকালবন্যায় হাওরে পানি এসেছে আগেই। এ কারণে চাঁইয়ের চাহিদাও বেড়েছে।
স্থানীয় ব্যক্তিরা বলেন, গ্রামটির নাম দাসপাড়া হলেও এটি হাওরাঞ্চলে চাঁই গ্রাম হিসেবে পরিচিত। এখানকার প্রতিটি পরিবারের লোকজন প্রায় ৪০ বছর ধরে এ কাজের সঙ্গে জড়িত। এর আয় দিয়ে পরিবারের ভরণপোষণসহ ছেলেমেয়েদের পড়ালেখার খরচ জোগান তাঁরা।
১৬ মে সরেজমিনে দেখা যায়, প্রতিটি পরিবারের ছোট থেকে বড়—সবাই চাঁই তৈরির কাজে ব্যস্ত। কেউ বাঁশ থেকে কাঠি তৈরি করছেন। কেউবা কাঠি ও প্লাস্টিকের চিকন রশি দিয়ে চাঁই তৈরিতে ব্যস্ত। অনেকেই প্লাস্টিকের বস্তা কেটে তৈরি চাঁই মোড়াচ্ছেন। কেউ আবার নৌকায় চাঁই ভরছেন।
হিমাংশু দাস বলেন, তিনি বাবার কাছ থেকে ছোটবেলায় চাঁই বানানো শিখেছেন। এখন তাঁর একমাত্র পেশা এটা। এ কাজে তাঁর এইচএসসি ও সপ্তম শ্রেণিপড়ুয়া দুই ছেলে নিয়মিত সহায়তা করে। তাঁর ছয় সদস্যের পরিবারের অন্যরাও টুকটাক এ কাজে জড়িত।
স্থানীয় কয়েকজন বলেন, সারা বছর চাঁই তৈরির কাজ করলেও বৈশাখ থেকে আশ্বিন পর্যন্ত তাঁদের দম ফেলার ফুরসত থাকে না। এ সময় হাওরে পানি আসায় মানুষের হাতে অন্য কাজ তেমন থাকে না। তখন তাঁরা মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকেন। কিশোরগঞ্জের হাওরাঞ্চল ছাড়াও সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও নেত্রকোনার অনেক জেলে এখান থেকে চাঁই কিনে নিয়ে যান।
নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার বল্লভপুর গ্রাম থেকে মো. ওসমান গনি ও মনফর উদ্দিন নৌকা নিয়ে দাসপাড়া থেকে ১০০ চাঁই কিনে নিতে এসেছেন। তাঁরা বলেন, কয়েক জেলার হাওরাঞ্চলজুড়ে ইটনার দাসপাড়ার চাঁইয়ের সুনাম রয়েছে। প্রতিবছর তাঁরা এখান থেকে চাঁই কিনে নিয়ে যান।
চাঁই তৈরির কারিগরেরা বলেন, হাওরাঞ্চলে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পাশাপাশি প্রচুর চিংড়িসহ ছোট মাছ পাওয়া যায়। এসব চিংড়ি ও ছোট মাছ ধরার জন্য বিশেষ কায়দা করে বাঁশের কাঠি, প্লাস্টিকের রশি ও বস্তা দিয়ে মুড়িয়ে প্রায় চার ফুট লম্বা এবং সোয়া ফুট চওড়া পাইপের মতো ফাঁদ তৈরি করা হয়। এর এক পাশ দিয়ে ছোট মাছ ঢুকতে পারে, কিন্তু বের হতে পারে না। এগুলোকে চাঁই বলে। জেলেরা এসব চাঁইয়ের ভেতর একটি জীবিত চিংড়ি ছেড়ে দিয়ে পানির নিচে রেখে দেন। এ চিংড়িটিকে দেখে অন্য চিংড়িও এর ভেতরে ঢুকে ফাঁদে আটকা পড়ে। জেলেরা তিন থেকে চার দিন পর এসব চাঁই পানি থেকে উঠিয়ে চিংড়ি সংগ্রহ করে আবার একই কায়দায় পানির নিচে রেখে দেন।
শয়ন দাস ও হরলাল দাস বলেন, দাসপাড়ার ১২০টি পরিবারের প্রায় ৭০০ জন লোক সারা বছর চাঁই তৈরির কাজ করেন। বাঁশ ও অন্যান্য জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় এখন প্রতিটি চাঁই তৈরি করতে তাঁদের ৪০ টাকার মতো খরচা হয়। বর্ষার সময় সেটা ১০০ টাকায় বিক্রি করতে পারলেও অন্য সময় কিছুটা কমে বিক্রি করতে হয়। একেকজন গড়ে প্রতিদিন চার-পাঁচটা চাঁই তৈরি করতে পারেন। এভাবে একেকটি পরিবার বছরে প্রায় তিন হাজার থেকে পাঁচ হাজার চাঁই তৈরি করে আড়াই লাখ থেকে চার লাখ টাকা বিক্রি করতে পারেন।
অধীর, পরেশ দাসসহ সাতজন বলেন, এখন পাশের হাজারিকান্দা গ্রামেরও ৫০টির মতো পরিবার চাঁই তৈরির কাজে যুক্ত হয়েছেন। পুঁজির স্বল্পতার জন্য বাপ-দাদার এ পেশা টিকিয়ে রাখা কঠিন হয়ে যাচ্ছে। সরকার যদি সহজে ঋণ দিয়ে আর্থিক সহায়তা করত তাহলে এ কুটির শিল্প বাঁচিয়ে রাখা যেত।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মশিউর রহমান খান বলেন, ‘দাসপাড়াসহ যাঁরা দীর্ঘদিন ধরে চাঁই তৈরির সঙ্গে জড়িত তাঁদের এ শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হবে। তবে তাঁদের কেউই এ পর্যন্ত বিষয়টি নিয়ে আমার কাছে আসেননি।’