ইটনায় বজ্রপাতে দুই শ্রমিক ও কমলগঞ্জে দুটি গরুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ইটনা উপজেলার আঙ্গান হাওরে বজ্রপাতে ফারুক মিয়া (৩৬) ও আ. রাশিদ (৪৭) নামে দুই কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন। গত বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে তাঁরা দুর্ঘটনার শিকার হন।
বৃহস্পতিবার রাতে মৌলভীবাজারের কমলগঞ্জের বড়চেগ গ্রামের কৃষক বশর মিয়ার একটি গাভি ও একটি বাছুর মারা গেছে।
ইটনায় গুরুতর আহত কাঞ্চন মিয়াকে (৪৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও আজিজুল হককে (৩৭) কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত ব্যক্তিদের বাড়ি একই জেলার তাড়াইল উপজেলার পাইকপাড়া গ্রামে। পুলিশ জানায়, এক সপ্তাহ ধরে হাওরে ধান কাটা শুরু হয়েছে। এ জন্য হাজার হাজার কৃষিশ্রমিককে হাওরেই তাঁবু তৈরি করে বসবাস করতে হচ্ছে। রাত ১১টার দিকে বজ্রসহ শিলাবৃষ্টি শুরু হয়। একপর্যায়ে একটি তাঁবুতে বজ্রপাত হয়। হতাহত ব্যক্তিরা এক তাঁবুতেই ছিলেন।