ইটনায় বিএনপির ৫২ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা
কিশোরগঞ্জের ইটনা উপজেলা পরিষদের নির্বাচন ২৩ মার্চ। এর তিন দিন আগে গত বৃহস্পতিবার বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর দুই ভাই, উপজেলা কৃষক দল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সভাপতিসহ ৫২ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মারামারির মামলা করেছেন আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. কামরুল ইসলাম চৌধুরীর সমর্থক মোস্তফা মিয়া।
একই রাতে জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ ফজলুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে অবমাননাকর উক্তির অভিযোগে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রস্তুতি নিচ্ছে ইটনা থানার পুলিশ। প্রস্তুতি হিসেবে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির জন্য জিডির অনুলিপি কিশোরগঞ্জের বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে।
বিএনপির নেতা-কর্মীদের নির্বাচনের মাঠ থেকে দূরে রাখতে ওই মামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন দল-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এস এম কামাল। তিনি বলেন, গ্রেপ্তারের ভয়ে তাঁর ভাই ও নেতা-কর্মীরা নির্বাচনী প্রচারণায় অংশ না নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন।
মোস্তফা মিয়ার মামলার এজাহারে বলা হয়েছে, গত বুধবার রাত সাড়ে আটটার দিকে ইটনা সদরে প্রার্থী এস এম কামালের বাসভবনের সামনে আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় কামালের দুই ভাই হারুন অর রশীদ ও সাদেক হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি গোলাম রহমান, উপজেলা যুবদলের সভাপতি আতাউর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাহাদুর মিয়াসহ ৫২ জন তাঁদের ওপর হামলা চালান এবং তাঁদের কাছ থেকে দুই হাজার টাকা ছিনিয়ে নেন। এতে তিনি (বাদী মোস্তফা) ও কয়েকজন আহত হন। এরপর হামলাকারীরা পালিয়ে যান।
মামলার ব্যাপারে ফজলুর রহমান প্রথম আলোকে বলেন, ইটনা উপজেলা পরিষদের গত নির্বাচনে বিএনপি-সমর্থিত জয়ী হয়েছেন। এবার আরও গ্রহণযোগ্য ব্যক্তিকে প্রার্থী করা হয়েছে। বিএনপির বিজয় হবে জেনে আওয়ামী লীগের মাথা খারাপ। অর্ধশত নেতা-কর্মীকে নির্বাচন থেকে বিরত রাখতে মিথ্যা মামলা করা হয়েছে। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার জন্য জিডি করা হয়েছে।
ফজলুর রহমান বলেন, ‘মঙ্গলবার ইটনা মাদ্রাসার মাঠের এক পথসভায় বলেছি, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার পর যিনি মোস্তাক সরকারকে সমর্থন দিয়েছেন, তিনি আজ দেশের রাষ্ট্রপতি। আমি সত্য ইতিহাস তুলে ধরেছি। ইতিহাস বললে কেউ রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত হয় না।’
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা ও জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।