ইটনায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধর করার প্রতিবাদে গতকাল বুধবার বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। অপরাধীদের শাস্তির দাবিতে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপিও দিয়েছে।জানা গেছে, গত রোববার রাতে জয়সিদ্ধি উচ্চবিদ্যালয়ের দাতা সদস্য আমির উদ্দিন মিয়া মারা যান। এ জন্য পরদিন সোমবার বিদ্যালয় বন্ধ ঘোষণা না করায় ক্ষুব্ধ হন আমির উদ্দিন মিয়ার আত্মীয়স্বজন। এর জের ধরে গত মঙ্গলবার বিকেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন মাহমুদের ওপর হামলা চালায় ৮-১০ জন লোক। হামলাকারীদের কিল, ঘুষি, রড ও দায়ের আঘাতে মহিউদ্দিন আহমেদ মারাত্মক আহত হন। খবর পেয়ে জয়সিদ্ধি বাজার থেকে লোকজন ছুটে গিয়ে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করেন। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা সন্ধ্যায় জয়সিদ্ধি বাজারে বিক্ষোভ মিছিল করে। প্রধান শিক্ষক মহিউদ্দিন মাহমুদ গতকাল প্রথম আলোকে জানান, ৮-১০ জন সন্ত্রাসী তাঁকে হত্যার চেষ্টা করেছে। বাজারের লোকজন এগিয়ে না এলে সন্ত্রাসীরা তাঁকে মেরে ফেলত।ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল বিক্ষোভ মিছিল বের করে। তারা দীর্ঘ পথ হেঁটে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুল ইসলামের কাছে হামলাকারীদের বিচারের দাবিতে স্মারকলিপি দেয়। জয়সিদ্ধি উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মনোয়ারা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।