ইটবাহী ট্রাক চলায় চার মাসেই সড়ক বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার দাকোপ উপজেলায় ইটবাহী ট্রাক চলাচলের কারণে তিন কিলোমিটার সড়ক চার মাসেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে সড়কটি দিয়ে চলতে গিয়ে আট ইউনিয়নের বাসিন্দাদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।স্থানীয় সূত্রে জানা গেছে, নব্বইয়ের দশকে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ৩১ নম্বর পোল্ডারকে চুনকুড়ি নদীর ভাঙন থেকে রক্ষার জন্য দুটি বেড়িবাঁধ নির্মাণ করা হয়। ওই সময়ে জনসাধারণ ও হালকা যানবাহন চলাচলের জন্য উপজেলা পরিষদের অর্থায়নে বাঁধের ওপর ইটের সলিং করা হয়। প্রতিদিন সড়ক দুটি দিয়ে উপজেলার কামারখোলা, সুতারখালি, তিলডাঙ্গা, কৈলাশগঞ্জ, দাকোপ, বাজুয়া, লাউডোব ও বাণীশান্তা ইউনিয়নের কয়েক হাজার মানুষ চলাচল করে।তিন বছর আগে দাকোপ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন দাকোপ-বটবুনিয়া সড়কের পানখালি ইউনিয়নের খোনা গ্রামে একটি ইটভাটা নির্মাণ করেন। গত চার মাস ধরে দুটি ট্রাকে করে ওই ইটভাটার ইট পরিবহন করা হচ্ছে। ফলে চালনা-দাকোপ সড়কের চালনা ওয়ার্ল্ডভিশন থেকে গোড়কাঠি গেট পর্যন্ত এক কিলোমিটার এবং দাকোপ-বটবুনিয়া সড়কের পোদ্দারগঞ্জ খেয়াঘাট থেকে খোনা গ্রামের ইটভাটা পর্যন্ত দুই কিলোমিটার সড়ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।সরেজমিনে দেখা গেছে, সড়কের ইট উঠে বালু বেরিয়ে পড়েছে। অধিকাংশ স্থানের মাটি দেবে গেছে। ভ্যান ও ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালকেরা যাত্রী নামিয়ে গাড়ি টেনে নিয়ে যাচ্ছেন। ভ্যানচালক মো. রসুল শেখ বলেন, ‘এই রাস্তাডা আমাগের জন্য ভীষণ দরকারি। প্রতিদিন এই রাস্তা দিয়ে এক-দেড় শ ভ্যান ও শ খানেক মোটরসাইকেল যায়। এই যাতি আমাগের কষ্ট হয় সে রহম যাত্রীগেরও কষ্ট হয়।’ যাত্রী রণজিৎসরকার বলেন, ‘চেয়ারম্যান সাহেব ইটের ট্রাক চলার কারণে রাস্তার এ অবস্থা। তাঁর বিরুদ্ধে বলার লোক নেই। তাই হাজার হাজার মানুষের এত দুর্ভোগ।’এ ব্যাপারে চালনা পৌরসভার মেয়র আচিন্ত্য মণ্ডল বলেন, সড়ক দুটি ট্রাক চলার উপযোগী নয়। তা ছাড়া বাঁধের মাটিও যথেষ্ট শক্ত নয়। চার মাস ধরে ইটভর্তি ট্রাক চলার কারণে রাস্তাটি ভেঙেচুরে নষ্ট হয়ে গেছে। কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি দুই-তিন দিন আগে দেখেছি। তা ছাড়া উনি কারও কথা শুনতে চান না।’উপজেলা চেয়ারম্যান শেখ আবুল হোসেন বলেন, এ দুটি সড়ক দিয়ে শুধু ইটবাহী ট্রাকই নয়, মুরগির গাড়িও চলে। এক মাসের মধ্যে এখানে নতুন রাস্তা করা হবে।