ইটভাঙা মেশিনের বিকট শব্দে পড়াশোনা লাটে
বগুড়ার ধুনট উপজেলার বিলকাজুলী-পেঁচিবাড়ী উচ্চবিদ্যালয়ের শ্রেণীকক্ষ ও খেলার মাঠজুড়ে নির্মাণসামগ্রী রেখেছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। শুধু তাই নয়, বিদ্যালয়ের মাঠে ইটভাঙা মেশিনের বিকট শব্দ শিক্ষার্থীদের পড়াশোনায় চরম বিঘ্ন ঘটাচ্ছে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঠিকাদারের কাছে গোপনে বিদ্যালয়ের মাঠ ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে। তবে প্রধান শিক্ষক অভিযোগ অস্বীকার করেছেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ধুনট কার্যালয় সূত্র জানায়, গত ২৬ এপ্রিল থেকে উপজেলার মাঠপাড়া-অলাহামিদা রাস্তা পাকাকরণের কাজ শুরু হয়। মাত্র ৩ দশমিক ৮৫ কিলোমিটার দীর্ঘ ও ৩ মিটার প্রস্থ রাস্তার নির্মাণের ব্যয় ধরা হয়েছে এক কোটি ৫৭ লাখ ৪৬ হাজার টাকা। বগুড়ার শিবগঞ্জের মেসার্স নেসল বিল্ডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজের দায়িত্ব দেওয়া হয়। রাস্তার পাশেই বিলকাজুলী-পেঁচিবাড়ী উচ্চবিদ্যালয়। সেখানে প্রায় ৩০০ ছাত্রছাত্রী পড়াশোনা করে। এক মাস আগে ঠিকাদারের লোকজন বিদ্যালয়ের মাঠ দখল নিয়ে পাথর, ইট, বালিসহ নানা নির্মাণসামগ্রী রাখেন। বিদ্যালয়ের একাডেমিক ভবনের একটি কক্ষে নির্মাণ শ্রমিকদের সরঞ্জাম রাখা হয়েছে। মালামাল পাহারার কাজে নিয়োজিত একজন নৈশপ্রহরী ওই কক্ষে রাত যাপন করেন। মাঠে রক্ষিত ইট ভাঙার বিকট শব্দে পড়াশোনায় ব্যাঘাত ঘটে। বিদ্যালয়ের মাঠ থেকে ট্রাকে করে নির্মাণসামগ্রী পরিবহন করা হচ্ছে। মালামাল বোঝাই ভারী ট্রাক চলাচল করায় মাটি উঠে গিয়ে মাঠের ভেতর গর্তের সৃষ্টি হয়েছে। এ ছাড়া মাঠে নির্মাণসামগ্রী রাখায় শিক্ষার্থীরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে।বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র কবির হোসেন, মোহাম্মদ নাসিম ও উজ্জ্বল কুমার বলে, ‘শ্রেণীকক্ষ ও খেলার মাঠ দখল করে ঠিকাদার মালামাল রেখেছে। ইট ভাঙা মেশিনের শব্দে আমাদের লেখাপড়ার সমস্যা হচ্ছে। নতুন বল কিনেছি, মাঠে ইট, বালি থাকায় খেলাধুলা করতে পারছি না।’ নাম প্রকাশ না করার শর্তে একজন অভিভাবক অভিযোগ করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঠিকাদারের কাছে গোপনে মাঠ ভাড়া দিয়ে আর্থিক ফায়দা লুটছেন। প্রধান শিক্ষক এস এম শাহা আলম দাবি করেন, ‘ঠিকাদার আমার নিষেধ উপেক্ষা করে প্রায় এক মাস হলো স্কুলের মাঠে পাথর, বালি ও ইট রেখেছেন। নির্মাণসামগ্রী অপসারণের কথা বলেও কোনো কাজ হচ্ছে না।’ তবে বিষয়টি এখনো প্রশাসনকে জানানো হয়নি বলে প্রধান শিক্ষক জানিয়েছেন।বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবুল হোসেন জানান, প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে ঠিকাদার স্কুলের মাঠে নির্মাণসামগ্রী রেখেছেন। ঠিকাদার বিদ্যালয়ের উন্নয়নের জন্য কিছু টাকা দিতে চেয়েছেন। তবে এখন পর্যন্ত সেই টাকা পাওয়া যায়নি।ঠিকাদার নাজমুল হক বলেন, ‘রাস্তার কাজের মালামাল রাখার জন্য ওই এলাকায় কোনো জায়গা পাওয়া যায়নি। এ জন্য প্রধান শিক্ষকের অনুমতি-সাপেক্ষে স্কুলের মাঠে নির্মাণসামগ্রী রেখেছি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ হারুন বলেন, ‘বিষয়টি আমাকে আগে কেউ জানায়নি। বিদ্যালয়ের মাঠে কোনো ঠিকাদার যদি নির্মাণসামগ্রী রেখে থাকেন, তবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’