ইটভাটা-চাতাল-খামার গিলছে ফসলি জমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট জেলায় দিনের পর দিন কৃষিজমি কমে যাচ্ছে। ইটভাটা, চাতাল (চালকল), বাড়িঘর, মুরগির খামার ও বিভিন্ন গ্রামগঞ্জে রাস্তার পাশে হাটবাজার গড়ে ওঠায় কৃষিজমি কমছে। এতে ধানসহ অন্যান্য ফসলের উৎপাদনও কমে যাচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা গেছে, এই জেলার আয়তন ৯৬ হাজার ৫৪৪ বর্গকিলোমিটার। জেলার জনসংখ্যা সাড়ে নয় লাখ। জেলায় মোট আবাদি জমির পরিমাণ ৮১ হাজার ২৯৭ হেক্টর। এর মধ্যে এক ফসলি জমি এক হাজার ৫১৫ হেক্টর এবং তিন ফসলি জমি রয়েছে ৫৫ হাজার ৩০১ হেক্টর। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় প্রতিবছর ১৫৩ হেক্টর জমি কমে যাচ্ছে (এক হাজার ১৪৭ বিঘা)। ১৫৩ হেক্টর জমি থেকে প্রতিবছর শুধু আমন ও বোরো ধান এক হাজার ১৪৭ দশমিক ৫০ মেট্রিক টন কম উৎপাদিত হচ্ছে। একই কারণে পাট, আলু, রবিশস্য ও শাকসবজির উৎপাদনও কমে যাচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বছরের পর বছর জেলার বিভিন্ন স্থানে ইটের ভাটা নির্মাণ করা হচ্ছে। এতে আবাদি জমির পরিমাণ কমে গেছে। জয়পুরহাট জেলায় তিন ফসলি জমিতে ইটভাটা রয়েছে ৪৭টি। সরেজমিনে দেখা গেছে, ১০-১৫ বিঘা জমি নিয়ে একটি ইটভাটা গড়ে তোলা হয়েছে। এলাকার কৃষকেরা ইটভাটার মালিকের কাছে প্রতি বিঘা জমি ১২-১৫ হাজার টাকায় প্রতিবছরের জন্য বন্ধক রেখে টাকা নেন। জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের পালীগ্রামের কৃষক আবদুল গফুর জানান, তাঁর গ্রামে আক্কেলপুর উপজেলার বাসিন্দা বিনয় চন্দ্র প্রামাণিকের একটি ইটভাটা রয়েছে। তিনি তাঁর ৪২ শতক তিন ফসলি জমি ইটভাটার জন্য টাকার বিনিময়ে বিনয়কে দিয়েছেন। তাঁর গ্রামে এ রকম খোকা, মায়া রানীসহ অনেক কৃষকই ১২-১৩ বিঘা তিন ফসলি জমি টাকার বিনিময়ে ইটভাটার মালিকদের কাছে বিক্রি করে দিয়েছেন। সদর উপজেলার দাদরাজন্তি গ্রামের আজাহার আলী জানান, তাঁদের পরিবারের আট বিঘা জমি বিসিক শিল্পনগর গড়ে তোলার জন্য অধিগ্রহণ করা হয়েছে। ওই সব জমিও তিন ফসলি ছিল। তাঁর দাদার মূল বাড়ি ৪৭ শতক জমির ওপর ছিল। দাদার চার ছেলেসহ পরিবারে জনসংখ্যা বেড়ে যাওয়ায় তাঁদের পরিবারে এখন ঘর ও উঠান তৈরির জন্য দুই একর ৯০ শতক জমি প্রয়োজন। এগুলো কৃষিজমিই ছিল। একই গ্রামের বাবুল হোসেন জানান, গ্রামগঞ্জের বিভিন্ন রাস্তাঘাট পাকা হওয়ায় রাস্তার সংযোগস্থলে হঠাৎ অপরিকল্পিতভাবে বাজার গড়ে উঠেছে। এতে কৃষিজমি নষ্ট হচ্ছে। অনেকে কৃষিজমিতে আবার মুরগির খামার গড়ে তুলেছেন। সদর উপজেলার তাজপুর গ্রামের নুরুল ইসলাম জানান, তাঁর এলাকায় চারটি ইটভাটা আছে। এগুলোও ফসলি জমিতে করা হয়েছে। আবার অনেকেই জমির উপরিভাগের মাটি বিক্রি করে দিচ্ছেন। এতেও ফসল উৎপাদন কমে যাচ্ছে। জয়পুরহাট জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল বারী জানান, জেলায় সাড়ে ৬০০ চাতাল আছে। এসব চাতাল এক বিঘা জমি থেকে সাত-আট বিঘা জমিতে করা হয়েছে। জয়পুরহাট জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক পারভেজ হোসেন জানান, ইটভাটাসহ বিভিন্ন কারণে কৃষিজমি কমে যাচ্ছে। জেলায় ৪৭টি ইটভাটা আছে। জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, এখানে মুরগির সাত-আট হাজার খামার আছে। এর মধ্যে ১৫০টি খামার কৃষিজমিতে করা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. দেলবর হোসেন জানান, কৃষিজমি কমে যাওয়ায় উৎপাদন দিন দিন কমে যাচ্ছে। নতুন প্রযুক্তিতে ইটভাটা, বাড়িঘর গড়ে তোলাসহ কৃষিজমি নষ্ট করে কোনো কিছু করা যাবে না। এ জন্য সচেতনতা সৃষ্টি করতে হবে।