ইটভাটা তৈরির চেষ্টার প্রতিবাদে রামুতে মানববন্ধন
সরকারি অনুমোদন ছাড়া কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া গ্রামে কৃষিজমিতে ইটভাটা স্থাপনের চেষ্টার প্রতিবাদে গতকাল রোববার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাইপাস এলাকায় মানববন্ধন ও সমাবেশ হয়েছে। সকাল ১০টার দিকে পূর্ব মেরংলোয়া, মধ্যম মেরংলোয়া, পশ্চিম মেরংলোয়া, ভূতপাড়া ও হাইটুপি এলাকার প্রায় তিন শতাধিক কৃষক ও জমির মালিকেরা দা, লাঠি ও কোদাল নিয়ে বাইপাস এলাকায় সমাবেশ ও মানববন্ধনে অংশ নেন। এ সময় তাঁরা ওই গ্রামে ইটভাটা স্থাপন ঠেকানোর অঙ্গীকার করেন। বেলা সাড়ে এগারটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে গিয়ে ওখানে কিছুতেই ইটভাটা করতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করলে এলাকাবাসী শান্ত হন। সমাবেশে শামসুল আলম, রশিদ আহম্মদ, আতর আলীসহ কয়েকজন অভিযোগ করেন, দুজন জমির মালিককে মোটা অঙ্কের টাকায় হাত করে উত্তর ফতেখাঁরকুল গ্রামের জাফর আলম লোকালয়ে ইটভাটা স্থাপনের চেষ্টা চালাচ্ছেন। এ ব্যাপারে এলাকাবাসী গত শনিবার ইউএনওর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।এ ব্যাপারে জাফর আলম বলেন, ‘স্থানীয় কামাল মাস্টারের ছেলেদের কাছ থেকে চার একর জমি ইজারা নিয়েছি, যাঁরা বিরোধিতা করছেন ওখানে তাঁদের জমি নেই।’ সরকারি অনুমোদন ছাড়া কীভাবে ইটভাটা করছেন জানতে চাইলে তিনি বলেন, সবকিছু প্রক্রিয়াধীন আছে, অল্প কয়েক দিনের মধ্যে হয়ে যাবে। রামুর ইউএনও শহীদ মোহাম্মদ ছাইদুল হক প্রথম আলোকে বলেন, নীতিমালা অনুযায়ী ওই স্থানে কিছুতেই ইটভাটা হতে পারে না। এ ছাড়া ইটভাটা করার জন্য জাফর আলমের কোনো ধরনের (পরিবেশ ছাড়পত্র, বিএসটিআইয়ের অনুমোদন) সরকারি অনুমোদন নেই।