ইটভাটা থেকে আদায় ২০ লাখ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন বলেছেন, আইন লঙ্ঘন করায় গত এক বছরে বিভিন্ন ইটভাটা থেকে ২০ লাখ ৫৫ হাজার টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে।

তিনি আজ সোমবার সংসদে সরকারি দলের সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, কিছু অসাধু ব্যক্তি আইন অমান্য করে ইটভাটা পরিচালনা করছে এবং জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করছে। ইটভাটার গাছ পোড়ানোর বিরুদ্ধে সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সমন্বিতভাবে মোবাইল কোর্টের মাধ্যমে নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং জরিমানাসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

আনোয়ার হোসেন বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী ইটের ভাটায় জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার নিষিদ্ধ। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী আধুনিক প্রযুক্তির জিগজাগ, হাইব্রিড হফম্যান, ভারটিক্যাল শেইফট, টানেল ইটভাটা প্রবর্তনের বিধান রাখা হয়েছে।

পরিবেশমন্ত্রী বলেন, এসব আধুনিক প্রযুক্তির ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠ ব্যবহারের কোনো সুযোগ নেই। কাজেই দেশের সকল ইটভাটা আধুনিক প্রযুক্তিতে রূপান্তর করা হলে ইটভাটা কাঠ পোড়ানো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
মন্ত্রী বলেন, সরকার সে লক্ষ্যে কাজ করছে। ইতিমধ্যে দেশের শতকরা ৬৫ ভাগ ইটভাটা আধুনিক প্রযুক্তিতে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া সরকার অপোড়ানো ইটকে (ব্লক) উৎসাহিত করছে।