ইটভাটা থেকে উদ্ধার হলো ২৩ শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার পিএমখালী এলাকায় বিএসি নামের একটি ইটভাটায় গতকাল বৃহস্পতিবার সকালে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) অভিযান চালিয়ে ২৩ শিশুসহ ২৭ জনকে উদ্ধার করেছে। এ সময় ইটভাটার মালিক পিএমখালী গ্রামের বাসিন্দা হাজি আবদুল শুক্কুর, ব্যবস্থাপক শামসুল আলম ও ভাটার নিয়োগপ্রাপ্ত শ্রমিকদের নেতা (মাঝি) জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করা হয়।র‌্যাব সূত্র জানায়, জামালপুরের মাদারগঞ্জ পৌর এলাকার গাবের গ্রাম থেকে ইদ্রিস আলী নামের এক দালাল এই শিশু-কিশোরদের ফুঁসলিয়ে ওই ইটভাটায় নিয়ে আসেন। গত বুধবার দুই শিশুর বাবা র‌্যাব ক্যাম্পে এসে এ ব্যাপারে লিখিত অভিযোগ করলে এ অভিযান চালানো হয়।গাবের গ্রাম থেকে আসা আমিনুর রহমান ও বাদশা প্রামাণিক জানান, অন্যদের সঙ্গে তাঁদের স্কুলপড়ুয়া দুই শিশু খাইরুল ও রাশেদুলকে কক্সবাজার নিয়ে আসা হয়। কয়েক দিন আগে খাইরুল কৌশলে মুঠোফোনে ওই ইটভাটায় আটকে রাখার খবর জানালে তাঁরা কক্সবাজার আসেন। পরে র‌্যাব সদস্যদের সহায়তায় এই শিশুদের উদ্ধার করা হয়। এখন শিশুদের জামালপুরে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে।উদ্ধার শিশু-কিশোরেরা হলো: মো. শামীম (১৫), জাহেদুল ইসলাম (১৬), লাল মিয়া (১২), আল আমিন (১৩), শামিম (১৪), খাইরুল (১২), শামিম আহমদ (১২), মো. সাজু (১৩), জাহাঙ্গীর আলম (১২), আরিফ মিয়া (১২), বিল্লাল হোসেন (১৪), মিজানুর রহমান (১৩), সোহেল মিয়া (১৩), বাবু মিয়া (১১), মো. আনোয়ার (১৬), রফিক আহমদ (১৫), বিল্লু মিয়া (২০), মিলন মিয়া (১৪), মাসুদ (১৮), রাশেদুল (২০), সুজন মিয়া (১৭), রবিউল (২২), রফিকুল ইসলাম (১০), শাকিল (০৯), মনোয়ার (১২), রুবেল (১০) ও আরিফ (১৩)। তাদের সবার বাড়ি গাবের গ্রামে।উদ্ধার হওয়া দুই শিশু লাল মিয়া ও শাকিল জানায়, ইটভাটা মালিকের নির্দেশে শ্রমিকেরা তাদের একটি কক্ষে আটকে রাখত। ঠিকমতো খেতে দিত না। সকাল আটটা থেকে সন্ধ্যা পর্যন্ত হাড়ভাঙা পরিশ্রম করতে হতো। কান্নাকাটি করলে ইটভাটার ব্যবস্থাপক লোকজনকে দিয়ে বেদম মারধর করাতেন। সারা দিন নজরদারিতে রাখা হতো, কেউ যেন বাইরে যেতে না পারে। র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের উপসহকারী পরিচালক আবদুস সাত্তার জানান, আবদুল শুক্কুর, শামসুল আলম ও জয়নাল আবেদীনকে গতকাল সন্ধ্যায় সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে। শিশুদের র‌্যাবের হেফাজতে রাখা হয়েছে। পরে তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আমিনুর রহমান বাদী হয়ে ভাটার মালিকসহ ওই তিনজনের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা করেছেন।ইটভাটার মালিক আবদুল শুক্কুর বলেন, জনপ্রতি ২০ হাজার টাকা করে নিয়ে এই ২৭ জনকে ছয় মাসের জন্য শ্রমিক হিসেবে নিয়ে আসেন ইদ্রিস। এক মাস ধরে তারা সবাই ইটভাটায় কাজ করছে। প্রয়োজন ছিল ইদ্রিসকে ধরা। তবে শিশুদের একটি কক্ষে বন্দী এবং মারধরের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ব্যবস্থাপক শামসুল আলম।ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে।উল্লেখ্য, গত বছরের মার্চ মাসে রামু উপজেলার দক্ষিণ খুনিয়াপালং এলাকার আরেকটি ইটভাটা থেকে একই অবস্থায় ৩০ শিশুকে উদ্ধার করা হয়েছিল।