ইটভাটা থেকে নারী ও শিশুসহ ৩০ বন্দী শ্রমিক উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মনোহরদী উপজেলার বড়চাপা গ্রামের একটি ইটভাটায় গত বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে নারী, শিশুসহ ৩০ বন্দী শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। শ্রমিকদের শিকলে আটকে রেখে শারীরিক নির্যাতন করা হতো বলে অভিযোগ উঠেছে।এর আগের দিন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রাশেদুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তি বাদী হয়ে ওই ইটভাটার মালিক দুদু মিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে নরসিংদীর অতিরিক্ত জেলা হাকিম আদালতে মামলা করেন। শ্রমিকদের উদ্ধারে আদালতের হস্তক্ষেপ কামনা করেন তিনি। শ্রমিকদের উদ্ধারের জন্য ওই দিনই মনোহরদী থানার পুলিশকে নির্দেশ দেন আদালত।উদ্ধার করা শ্রমিকেরা হলেন: সাইদুল মিয়া (৩০), আনোয়ারা বেগম (২৫), তাঁর ছেলে আনোয়ারুল ইসলাম (১২), মেয়ে সাবিনা বেগম (৫), মুহিত মিয়া (৩০), পুতুল আক্তার (২৫), তাঁর দুই শিশু মেয়ে মর্জিনা বেগম (৫) ও আর্জিনা আক্তার (৩), জাহিদ মিয়া (১৬), আশরাফুল ইসলাম (১০), আসাদুল ইসলাম (১৫), রহিম মিয়া (১৫), আব্দুল হাই (১৪), বাশারুল ইসলাম (১৫), নুরুজ্জামান (২৮), রিয়াজুল ইসলাম (১৫), জাহাঙ্গীর আলম (২৮), আমির হোসেন (৩৫), হাফিজুর রহমান (২৫), জলিল মিয়া (৪০), মফিজুল ইসলাম (১৪), মোকলেছুর রহমান (১০) মনসুর মিয়া (৫০), আবুজার মিয়া (২০), আশরাফুল ইসলাম (২২), সাবুদ আলী (৩০), ইস্রাফিল মিয়া (১৮), লতা আক্তার (১২), খাদিজা আক্তার (২৫) ও জয়নুল মিয়া (৩০)। তাঁদের সবার বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বিভিন্ন এলাকায়।শ্রমিকেরা বলেন, তাঁদের আটকে রেখে জোর করে ইটভাটায় অতিরিক্ত কাজ করানো হতো। মালিকপক্ষের কথামতো কাজ না করলেই তাঁদের ওপর অমানুষিক নির্যাতন নেমে আসত। দিনে মাত্র একবার খাবার দেওয়া হতো। তাঁদের কিল-ঘুষি ও লাকড়ি দিয়ে পেটানো হতো।পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, বড়চাপা গ্রামের ‘বিসমিল্লাহ ব্রিকস ইন্ডাস্ট্রিজ’ নামের ওই ইটভাটায় কাজ করার জন্য প্রায় দুই মাস আগে শ্যামনগরসহ বিভিন্ন এলাকার নারী, শিশুসহ ওই ৩০ শ্রমিককে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। কিন্তু চুক্তি অনুযায়ী তাঁদের মজুরি না দিয়ে উল্টো তাঁদের শিকলে আটকে রাখা হয়। শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। তাঁদের উদ্ধারে আদালতের নির্দেশ পেয়ে গভীর রাতে অভিযান চালায় পুলিশ। কিন্তু এ সময় ইটভাটার মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি।এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, উদ্ধার করা শ্রমিকদের নির্বাহী হাকিম আদালতের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।