ইটভাটা থেকে নারী ও শিশুসহ ৩০ বন্দী শ্রমিক উদ্ধার
নরসিংদীর মনোহরদী উপজেলার বড়চাপা গ্রামের একটি ইটভাটায় গত বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে নারী, শিশুসহ ৩০ বন্দী শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। শ্রমিকদের শিকলে আটকে রেখে শারীরিক নির্যাতন করা হতো বলে অভিযোগ উঠেছে।এর আগের দিন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রাশেদুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তি বাদী হয়ে ওই ইটভাটার মালিক দুদু মিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে নরসিংদীর অতিরিক্ত জেলা হাকিম আদালতে মামলা করেন। শ্রমিকেরা বলেন, তাঁদের আটকে রেখে জোর করে ইটভাটায় অতিরিক্ত কাজ করানো হতো। মালিকপক্ষের কথামতো কাজ না করলেই তাঁদের ওপর অমানুষিক নির্যাতন নেমে আসত। দিনে মাত্র একবার খাবার দেওয়া হতো। তাঁদের কিল-ঘুষি ও লাকড়ি দিয়ে পেটানো হতো।পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, বড়চাপা গ্রামের ‘বিসমিল্লাহ ব্রিকস ইন্ডাস্ট্রিজ’ নামের ওই ইটভাটায় কাজ করার জন্য প্রায় দুই মাস আগে শ্যামনগরসহ বিভিন্ন এলাকার নারী, শিশুসহ ওই ৩০ শ্রমিককে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। কিন্তু চুক্তি অনুযায়ী তাঁদের মজুরি না দিয়ে উল্টো তাঁদের শিকলে আটকে রাখা হয়। শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়।