ইটভাটা থেকে শিকলে বাঁধা শ্রমিক উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ‘ভাই ভাই ব্রিক্স’ নামে এক ইটভাটায় গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে সাইফুল ইসলাম (২৮) নামের এক শ্রমিককে শিকল বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। সাইফুল কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই গ্রামের আবুল হাশেমের ছেলে।সাইফুলের পরিবারের অভিযোগ, তাঁকে গত শুক্রবার থেকে ওই ইটভাটায় একটি ঘরে বেঁধে রাখা হয়।গতকাল বুধবার সকালে থানায় গিয়ে দেখা যায়, সাইফুলকে থানা হাজতে আটক রাখা হয়েছে। পুলিশ তাঁকে ইটভাটা থেকে উদ্ধার করলেও তাঁর মুক্তি মিলছে না।প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ ওই শ্রমিককে উদ্ধারের সময় মালিকপক্ষের একজনকে আটক করলেও ইটভাটা মালিক সমিতির চাপের মুখে পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।পুলিশ জানায়, শ্রমিক আটকের অভিযোগ পেয়ে উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম কয়েকজন পুলিশ নিয়ে উপজেলার সিংদই গ্রামের ওই ইটভাটায় অভিযান চালান। এ সময় শিকলে বাঁধা অবস্থায় সাইফুল ও অন্য একটি ঘর থেকে মতিউজ্জামানকে আটক করা হয়। দুজনকে নিয়ে থানায় আসার সময় মতিউজ্জামানের সঙ্গে এসআই নুরুল ইসলামের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। মতিউজ্জামান তাঁকে পুলিশে ধরার ঘটনাটি মুঠোফোনে উপজেলার আচারগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামকে জানান। পরে রফিকুল পুলিশকে ফোন করলে মতিউজ্জামানকে ছেড়ে দেওয়া হয়।এ বিষয়ে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ‘বিপুল পরিমাণ রাজস্ব সরকারের কোষাগারে জমা দিয়ে একজন মালিক ইটভাটা পরিচালনা করেন। ঠুনকো অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ভাটার মালিককে ধরে থানায় নেবে—এটা মেনে নেওয়া যায় না।’এসআই নুরুল ইসলাম জানান, পুলিশ অভিযোগ পেয়ে সেখানে অভিযান চালায়। এ ছাড়া ইটভাটার মালিক নিজের পরিচয় না দিয়ে পুলিশের সঙ্গে তর্কে লিপ্ত হন। পরে পরিচয় জানার পর মতিউজ্জামানকে মোটরসাইকেলে করে থানায় আসতে বলা হয়।ওই ইটভাটায় কর্মরত শ্রমিক মো. শহীদ (৩৫) মিয়া জানান, আগাম টাকা নিয়ে কাজ না করে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সাইফুলকে আটক করে মালিকপক্ষ। তবে সাইফুল জানান, অন্য শ্রমিকদের সঙ্গে তিনি ওই ভাটায় কাজ করতেন। অসুস্থতার কারণে বাড়িতে যেতে চাইলেও তাঁকে আটকে রাখা হয়। পরে তিনি জানতে পারেন, তাঁর এলাকার মহরম আলী ও সাইদুল ইসলাম নামে দুই শ্রমিক সর্দার ভাটার মালিকের কাছ থেকে শ্রম বিক্রির জন্য দাদন নিয়েছেন। অন্য শ্রমিকেরা পালিয়ে যাওয়ার পর ওই দাদনের টাকা আদায়ের জন্য মালিকপক্ষ তাঁকে শিকল দিয়ে বেঁধে রাখে।এ বিষয়ে জানতে চাইলে ইটভাটার মালিকপক্ষের মুসলেম উদ্দিন (৪০) বলেন, গত বছর দাদন দিয়ে শ্রমিকের শ্রম কিনে রাখা হয়েছিল। এখন তাঁরা কাজ না করে পালিয়ে যেতে চাইলে টাকা উদ্ধারে চাপ সৃষ্টির জন্য সাইফুলকে ধরে রাখা হয়। নান্দাইল মডেল থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, ‘শ্রমিক আটকের অভিযোগ পেয়ে ওই ইটভাটায় অভিযান চালিয়ে সাইফুলকে উদ্ধার করা হয়। এখন শুনছি ভাটার মালিকের সঙ্গে টাকা লেনদেন নিয়ে শ্রমিকদের সমস্যা হয়েছে।’ তবে মালিকপক্ষের কাউকে আটকের কথা স্বীকার করেননি তিনি।