ইটভাটা থেকে শেকলবন্দী শ্রমিক উদ্ধার, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কালকিনি উপজেলার একটি ইটভাটা থেকে গত মঙ্গলবার শ্রমিক মিজানুর রহমানকে (২৪) শেকলবন্দী অবস্থায় উদ্ধার এবং দুজনকে গ্রেপ্তার করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া আদালত কাঠ পোড়ানোর দায়ে এলাকার তিনটি ইটভাটাকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন।ভ্রাম্যমাণ আদালত, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশ সূত্রে জানা গেছে, সাতক্ষীরার হাওলাভাঙ্গী গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামের আট-দশজন শ্রমিক কালকিনির বালিগ্রাম এলাকার এমআরবি ইটভাটার মালিক মাহবুবুর রহমান ভূঁইয়ার কাছ থেকে আগাম দাদনের টাকা নিয়ে দুই বছর ধরে কাজ করে আসছিলেন। হাওলাভাঙ্গী গ্রামের কামাল হোসেনের ছেলে মিজানুর রহমান তাঁদের মধ্যে একজন। এবারও ওই শ্রমিকেরা আগাম টাকা নিয়েছেন। কিন্তু তাঁদের মধ্যে মিজানুর ছাড়া অন্য কেউ এই ইটভাটায় কাজ করতে আসেননি। এতে ক্ষিপ্ত হয়ে মালিকপক্ষ মিজানুরকে শেকল দিয়ে আটকে রাখে। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মিজানুরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় ইটভাটার মালিক মাহবুবুর রহমান ভূঁইয়া, ব্যবস্থাপক গৌরাঙ্গ বিশ্বাস ও শ্রমিকসর্দার ইয়াসিনকে আসামি করে একটি মামলা করা হয়েছে।