ইটভাটা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দি ইউনিয়নের ভাষানচর গ্রামে কৃষিজমি বিনষ্ট করে মেসার্স রিয়াদ ব্রিকস ম্যানুফ্যাকচারিং নামে একটি ইটভাটা নির্মাণের প্রতিবাদে গতকাল মঙ্গলবার মানববন্ধন করেছে গ্রামবাসী।এর আগেও একবার ইটভাটা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছিল গ্রামবাসী। সে সময় ম্যাজিস্ট্রেট, পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে ইটভাটার নির্মাণকাজ বন্ধ করে দিয়েছিলেন। এখন পরিবেশ অধিদপ্তরের সনদ নিয়েই ওই ইটভাটার নির্মাণকাজ শুরু হওয়ায় গ্রামবাসী ক্ষোভ প্রকাশ করেছে।রামানন্দ গ্রামের কৃষক আরাফাত আলী গাজী বলেন, ‘এখানকার জমি তিনফসলি। এ ছাড়া আশপাশে রয়েছে গাছগাছালি ও ঘরবাড়ি। এর পরও পরিবেশ অধিদপ্তর কীভাবে এখানে ইটভাটা করার অনুমতি দিল, তার তদন্ত হওয়া দরকার।’প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা ১১টার দিকে লতব্দি ইউনিয়ন পরিবেশ রক্ষা কমিটির ব্যানারে নির্মাণাধীন ইটভাটার সামনে গ্রামবাসী মানববন্ধন করে।সূত্র জানায়, মানববন্ধন শুরু হওয়ার আগে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওয়াহিদুর রহমান নির্মাণাধীন ইটভাটায় যান। তিনি ইটভাটার মালিকের কাছে জানতে চান, ইটভাটার কাজ বন্ধ করে দেওয়ার পরও কেন নির্মাণকাজ চালানো হচ্ছে? তখন ভাটার মালিক জানান, পরিবেশ অধিদপ্তরের অনুমতি আছে। তিনি এ-সংক্রান্ত কাগজপত্র ইউএনওকে দেখান। পরে ইউএনও গ্রামবাসীকে বিষয়টি জানিয়ে চলে যান।এ বিষয়ে ইউএনও ওয়াহিদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা একবার এই ইটভাটার নির্মাণকাজ বন্ধ করে দিয়েছিলাম। সে সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সোনিয়া সুলতানাও ছিলেন। এখন পরিবেশ অধিদপ্তর তাদের ছাড়পত্র দিয়েছে।’লতব্দি ইউনিয়ন পরিবেশ রক্ষা আন্দোলন কমিটির সভাপতি মো. রিপন বলেন, ‘এখানে পরিবেশ অধিদপ্তরের ভূমিকা রহস্যজনক। যেখানে তারা একবার ইটভাটা বন্ধ করে দিল, সেখানে আবার কী করে অনুমতি দেয়।’ তিনি বলেন, ‘যদি এই ইটভাটা বন্ধ না হয়, আমরা কঠোর কর্মসূচি দেব।’ইটভাটার মালিক ইব্রাহিম মুন্সি প্রথম আলোকে বলেন, ‘আমরা অনুমতি নিয়ে কাজ করছি।’ আশপাশে কৃষিজমি ও গাছগাছালি এবং ঘরবাড়ি থাকার পরও কীভাবে পরিবেশ অধিদপ্তরের সনদ পেলেন—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা পরিবেশ অধিদপ্তর বলতে পারবে।’ পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, গত ২২ মে পরিবেশ অধিদপ্তরের মুন্সিগঞ্জের সহকারী পরিচালক সোনিয়া সুলতানা মেসার্স রিয়াদ ব্রিকসকে ইটভাটা নির্মাণের অবস্থানগত সনদ দেন।সোনিয়া সুলতানা ছুটিতে থাকায় এ ব্যাপারে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে অফিস সহকারী গুরুদেব কুমার সরকার বলেন, ‘আমরা অবস্থানগত সনদ দিয়েছি, পরিবেশ ছাড়পত্র দিইনি। সনদ দেওয়ার আগে কৃষি অফিস থেকে অনাপত্তিপত্র নিয়েছি। তবে এ নিয়ে বড় ধরনের কোনো প্রশ্ন দেখা দিলে এই সনদ বাতিল হতে পারে।’