ইটভাটা নির্মাণের বিরুদ্ধে এলাকাবাসী এককাট্টা
‘ইট চাই না, ভাত চাই। গোলাভরা ধান চাই’—এ স্লোগান নিয়ে ফসলি জমিতে ইটভাটা নির্মাণের প্রতিবাদ জানিয়েছেন কুমিল্লার মুরাদনগর উপজেলার তিনটি গ্রামের বাসিন্দারা। দুই মাস ধরে উপজেলার যাত্রাপুর ও টনকী ইউনিয়নের মোচাগড়া, যাত্রাপুর ও চৈনপুর গ্রামের বাসিন্দারা ওই দাবিতে এককাট্টা হয়ে প্রশাসনের কাছে কয়েক দফা স্মারকলিপি দিয়েছেন। প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও যাত্রাপুর গ্রামের সালাহ উদ্দিন ভূঁইয়া কৃষিজমিতে ইটভাটা নির্মাণ করছেন। এলাকাবাসী জানান, চলতি বছরের মার্চে যাত্রাপুর গ্রামের সালাহ উদ্দিন ভূঁইয়া মোচাগড়া ও যাত্রাপুর গ্রামের মধ্যবর্তী স্থানে ইটভাটা নির্মাণ কাজ শুরু করেন। মেসার্স হক ব্রিকস নামের ওই ইটভাটার নির্মাণ চলাকালে গত ২৩ ও ৩০ মার্চ গ্রামবাসী এর প্রতিবাদে উপজেলা ও জেলা প্রশাসনের কাছে আবেদন করেন। গত ২১ এপ্রিল উপজেলা সহকারী পল্লি উন্নয়ন কর্মকর্তা সরেজমিনে তদন্ত করতে গেলে সালাহ উদ্দিন ইটভাটা তৈরির কোনো অনুমতিপত্র দেখাতে পারেননি।এরই পরিপ্রেক্ষিতে ৫ মে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা বেগম ইটভাটা নির্মাণ না করার জন্য সালাহ উদ্দিনকে চিঠি দেন। এর পরও সালাহ উদ্দিন বিষয়টি আমলে না নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। স্মারকলিপিতে তাঁরা উল্লেখ করেন, তিন ফসলি জমির মধ্যে ইটভাটা নির্মিত হলে আশপাশের জমির উর্বরতা কমে যাবে এবং এলাকার পরিবেশের বিপর্যয় ঘটবে। পরিবেশ অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সরেজমিনে গিয়ে ইটভাটা নির্মাণ না করার জন্য বলেছি। এখন তাঁদের চিঠি দেওয়া হবে। ছাড়পত্র ছাড়া ইটভাটা নির্মাণের কোনো সুযোগ নেই।’এ ব্যাপারে সালাহ উদ্দিন ভূঁইয়ার মুঠোফোনে কয়েক দফা যোগাযোগ করে তাঁর ফোন বন্ধ পাওয়া গেছে। কুমিল্লার নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোহাম্মদ মশিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘মুরাদনগরে ২৫টি ইটভাটা রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অনেক বেশি। এর মধ্যে অনুমতি ছাড়া যাঁরা ইটভাটা নির্মাণ করছেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসীর আবেদন আমরা পেয়েছি।’