ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইটভাটার কালো ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত বোরো ফসলের ক্ষতিপূরণের দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে চিরিরবন্দর উপজেলার দুটি ইউনিয়নের শতাধিক কৃষক এবং তাঁদের পরিবারের সদস্যরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন।
নশরতপুর ও সাইতারা ইউনিয়নের চার-পাঁচটি গ্রামের শতাধিক কৃষক ও তাঁদের পরিবার স্থানীয় ঘণ্টিঘর বাজারের পাশে মেসার্স মমতাজ অ্যান্ড ব্রিকস নামের ইটভাটার পাশে রাস্তায় মানববন্ধন করেন। তাঁদের অভিযোগ, ইটভাটার কালো ধোঁয়া ও তাপে ওই দুটি ইউনিয়নের ১০০ একরের বেশি জমির বোরো ফসল নষ্ট হয়ে গেছে। একই সঙ্গে আম ও লিচুরও ব্যাপক ক্ষতি হয়েছে।
ইটভাটার মালিক মোস্তাফিজার রহমান শাহ বোরো ফসলের ক্ষতির কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া শুরু করেছেন। ইতিমধ্যে অনেকে টাকা নিয়ে গেছেন।’ তবে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র আছে কি না, এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও প্রশাসনের মৌখিক অনুমতি আছে বলে তিনি জানান।
মানববন্ধন শেষে স্থানীয় কৃষকেরা ইটভাটার মালিকের বিরুদ্ধে ক্ষতিপূরণ প্রদানসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর ও ইউএনও বরাবরে একটি স্মারকলিপি দেন।
জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী জানান, ঘটনা সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দিতে ইউএনওকে নির্দেশ দেওয়া হয়েছে।