ইটভাটা শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ
নোয়াখালীর হাতিয়া উপজেলার বয়ারচরে ইটভাটার শ্রমিক তছির আহমদকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার বিকেলে পুলিশ বসতঘর থেকে ওই শ্রমিকের লাশ উদ্ধার করেছে। নিহত তছির আহমদের স্ত্রী শাহিনুর বেগমের বিবরণ অনুযায়ী, স্থানীয় শ্রমিকসর্দার মো. শফিক মাঝি কয়েক মাস আগে তাঁর স্বামী তছির আহমদকে ফেনীর ডাকবাংলো এলাকায় একটি ইটভাটায় কাজ করতে নিয়ে যান। সেখানে তিনি (তছির) অসুস্থ হয়ে পড়েন। গত শুক্রবার রাতে তিনি বাড়িতে আসেন। খবর পেয়ে শনিবার সকালে শফিক মাঝি ইটভাটা থেকে পালিয়ে আসার অভিযোগে তছিরকে ঘর থেকে টেনে বের করে পেটান। এতে তছির গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁকে ফেলে চলে যান শফিক মাঝি। পরে পল্লিচিকিৎসক ডেকে তাঁর চিকিৎসা করানো হয়। গভীর রাতে তছির মারা যান। তছিরকে পেটানোর অভিযোগ অস্বীকার করে শফিক মাঝি বলেন, ভাটা থেকে পালিয়ে আসার কারণে ক্ষুব্ধ হয়ে তছিরকে গালাগাল করা হয়। স্ত্রী শাহিনুর বেগমের সঙ্গে দীর্ঘদিন ধরে তছিরের বিরোধ ছিল দাবি করে তিনি বলেন, ওই বিরোধের জের ধরে তছির আত্মহত্যা করেন। তছিরের স্ত্রী শাহিনুর বেগম স্বামীর সঙ্গে বিরোধ থাকার কথা অস্বীকার করেন। বয়ারচরের মোরশেদ বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক মো. নিজাম উদ্দিন গতকাল বিকেলে বলেন, বসতঘর থেকে তছিরের লাশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তছিরের মৃত্যুর কারণ সম্পর্কে তিনি মন্তব্য করতে চাননি।