ইটভাটা ৪০০, পরিদর্শক একজন
পরিবেশ অধিদপ্তরের মতে, বরিশাল বিভাগের ছয়টি জেলায় ইটভাটা আছে প্রায় ৪০০। মাত্র একজন পরিদর্শক এসব ইটভাটার দূষণ রোধে ব্যবস্থা নেওয়ার দায়িত্বে আছেন। ফলে লোকালয়ে অনুমোদনহীন অনেক ইটভাটা পরিবেশ দূষণ করলেও তা নিয়ন্ত্রণের তেমন কোনো উদ্যোগ নেই।পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের একটি সূত্র জানায়, বরিশাল জেলায় ১০৮টি, ভোলায় ১৫টি, ঝালকাঠিতে ৩১টি, পিরোজপুরে ২৯টি, পটুয়াখালীতে ৪৮টি ও বরগুনায় ৩০টি অনুমোদিত ইটভাটা রয়েছে। এ ছাড়া বরিশালে ৫২টি, ভোলায় ৪০টি, ঝালকাঠিতে চারটি, পিরোজপুরে চারটি, পটুয়াখালীতে ১২টি ও বরগুনায় ১৩টি অনুমোদনহীন (টিনের চিমনির) ইটভাটা রয়েছে; যেগুলোর পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র নেই। একটি সূত্র জানিয়েছে, অনুমোদনহীন ইটভাটার সংখ্যা আরও বেশি। পিরোজপুরের কাউখালী, স্বরূপকাঠি ও বরিশালের বানারীপাড়া উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে লোকালয়ে অনেক ইটভাটা দেখা গেছে। কাউখালীর বাসুরী এলাকায় গিয়ে দেখা গেছে, রাস্তার দুই পাশে বেশ কয়েকটি ইটভাটা (পাজা)। এসব ইটভাটার চিমনির উচ্চতা আট থেকে ১০ ফুট। ওই এলাকার মোসলেম বলেন, ‘ইটভাটার খারাপ গোন্ধে (উত্কট গন্ধে) প্যাডের নাড়ি-ভুঁড়ি বাইরাইয়া যাইতে চায়, আমাগো কষ্ট দেহার কেউ নাই।’ পরিবেশ অধিদপ্তরের বরিশাল কার্যালয়ের পরিদর্শক তোতা মিয়া গত বৃহস্পতিবার জানান, এ বিভাগের ছয়টি জেলার ইটভাটার পরিবেশ দূষণ রোধে ব্যবস্থা নেওয়ার দায়িত্বে একমাত্র তিনি আছেন। যানবাহন না থাকার কারণে অভিযান চালাতে গিয়ে তাঁর সমস্যায় পড়তে হয়। এ ছাড়া কোনো ভাটায় কাঠ দিয়ে ইট পোড়ানো হচ্ছে—এমন অভিযোগ পাওয়ার পর সেখানে গিয়ে দেখেন, কাঠ পোড়ানো শেষ।পরিবেশ অধিদপ্তরের বরিশাল কার্যালয়ের উপপরিচালক কায়সার আহম্মেদ জানান, যানবাহন ও লোকবল সংকটের কারণে পরিবেশ দূষণকারী ইটভাটাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। পরিবেশ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের উপপরিচালক (প্রচার) ফরিদ আহমেদ জানান, পরিবেশ অধিদপ্তরে বরিশাল কার্যালয়ে পরিচালকের একটি পদ সৃষ্টি করা হয়েছে। এ ছাড়া একজন ম্যাজিস্ট্রেট, তিনজন পরিদর্শকসহ আরও ৩২টি পদ সৃষ্টি করা হয়েছে। মন্ত্রণালয় থেকে সৃষ্ট পদে লোক দেওয়ার পর শিগগির পরিবেশ দূষণবিরোধী অভিযান জোরদার করা হবে।