ইটভাটাকে ২৫ হাজার টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র না থাকায় পাবনার চাটমোহর উপজেলার একটি ইটভাটাকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার বিকেলে এই অভিযান চালানো হয়।থানার উপপরিদর্শক (এসআই) চপল কান্তি সরকার জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ শাহ্র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সোমবার বিকেল পাঁচটায় মূলগ্রাম ইউনিয়নের পূর্বটিয়ারতলা চাটমোহর-পাবনা সড়কের পাশে কৃষি জমিতে গড়ে তোলা ফাইভ স্টার নামক একটি ইটভাটায় অভিযান চালান। কোনো প্রকার লাইসেন্স না থাকায় আদালত ভাটাকে ২৫ হাজার টাকা জরিমানা করেন। ইউএনও ফিরোজ শাহ্ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলায় মোট ১৪টি ইটভাটার মধ্যে মাত্র দুটির লাইসেন্স আছে। আর একটি ভাটা এমনিতেই বন্ধ হয়ে গেছে। পর্যায়ক্রমে অন্য ভাটাগুলোতেও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। ফাইভ স্টার ভাটার মালিকদের অন্যতম অংশীদার আবদুল মতিন সরকার জরিমানার সত্যতা স্বীকার করে বলেন, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসক কার্যালয়ে আবেদন করেই ভাটা চালু করা হয়েছে। গত ২৩ ডিসেম্বর অনুমোদনহীন এই ইটভাটার বিষয়ে প্রথম আলোয় একটি সংবাদ প্রকাশিত হয়।