ইটভাটায় পুড়ছে শিশুর স্বপ্ন

ইটভাটাগুলোতে থরে থরে সাজানো কাঁচা ইট। রোদে শুকানোর পর এগুলো উঠছে চুল্লিতে। আগুনের তাপে পুড়ছে ইট। সেই সঙ্গে পুড়ছে যেন শিশুর স্বপ্নও। কারণ, এসব ইটভাটায় অনেক শিশু লেখাপড়া বাদ দিয়ে শ্রমিক হিসেবে কাজ করছে।
সম্প্রতি ঠাকুরগাঁও সদর উপজেলার কয়েকটি ইটভাটায় দেখা যায়, ভাটাশ্রমিকের সঙ্গে শিশুরাও কাজ করছে। ওদের বয়স ৭ থেকে ১৫ বছরের মধ্যে। এ সময় কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলে জানা গেছে, এসব শিশুর কেউ কেউ প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিতে পড়ছে। আবার কেউ কেউ এখন আর বিদ্যালয়ে যায় না। কেউ নিজে থেকেই, আবার কেউ মা-বাবার সঙ্গে ইটভাটার কাজে এসেছে। কাঁচা ইট রোদে শুকানো, ইট তৈরি, ট্রলিতে করে ইট টেনে ভাটাস্থলে পৌঁছানো, মাটি বহন করাসহ সব কাজেই নিয়োজিত এসব শিশু।
সদর উপজেলার ইয়াকুবপুর গ্রামের শামা ব্রিকসে কথা হয় মো. মশিউরের (১০) সঙ্গে। মশিউর জানায়, সে দিনাজপুরের চিরিরবন্দরের ফতেজংপুর গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ত। লেখাপড়া ফেলে মা-বাবার সঙ্গে সে এ ভাটায় কাজ করতে এসেছে। এখানে সে কাঁচা ইট তৈরি এবং ট্রলিতে করে মাটি আনার কাজ করে। মশিউরের মা রওশন আরা বলেন, ছয়-সাত মাস ভাটায় কাজ করে আবার গ্রামে ফিরে যাবে ওরা। রুটিরুজির জন্য ছেলের পড়ালেখার ক্ষতি হলেও কিছুই করার নেই।
সদর উপজেলার বড়দ্বেশ্বরী গ্রামের কেএমবি ব্রিকসে কাজ করে মো. রাশেদুল (১১)। সে লালমনিরহাটের হাতীবান্ধার আদর্শ গ্রামের নাসির উদ্দিনের ছেলে। রাশেদুল জানায়, সে তৃতীয় শ্রেণিতে পড়ত। সে তিন বছর আগে মা-বাবার সঙ্গে কাজে আসে। এরপর আর পড়তে যাওয়া হয়নি। নাসির বলেন, ‘লেখাপড়ার দিন কি শেষ হইয়া গেইছে? আরও আইছেছি সেলা (তখন) পড়িবে।’ তিনি আরও বলেন, ‘ভাটায় একটি কাঁচা ইট তৈরিতে তিনজন শ্রমিকের প্রয়োজন। যে পরিবারে তিনজন সদস্য থাকে, তাঁরা প্রতিদিন কাজ করে প্রায় এক হাজার টাকা আয় করেন। তাই অধিকাংশ শ্রমিক তাঁদের ছেলেমেয়েকে নিয়ে আসেন।’ ছেলে সোহেলকে (১১) সঙ্গে নিয়ে একই ভাটায় কাজ করছিলেন বড়দ্বেশ্বরী গ্রামের বানেছা বেগম। পাশে কাজ করছে খড়িবাড়ি গ্রামের জুয়েল ইসলাম ও মো. সুমন। জুয়েল চতুর্থ ও সুমন পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়েছে। পড়ালেখা ছেড়ে দেওয়ার পর বছর দু-এক ধরে তারা ইটভাটায় কাজ করছে।
এ ছাড়া সদর উপজেলার ইয়াকুবপুরের শামা ইটভাটায় দক্ষিণ বঠিনা গ্রামের মজিবর রহমানের ছেলে ফরহাদ আলী (১৩), ইয়াকুবপুরের শাহেদ আলীর ছেলে মাসুদ রানা (১৪); সদর উপজেলার আকচা গ্রামে এসএমবি ব্রিকসে কাজীপাড়ার সিরাজুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (৭), মো. মিন্টুর ছেলে নাইস ইসলাম (৭), মো. বাবলুর ছেলে সজীব ইসলামসহ (৯) শতাধিক শিশুকে কাজ করতে দেখা যায়।
এসএমবি ব্রিকসের ব্যবস্থাপক এস এম আউয়াল বলেন, ‘বিদ্যালয়ের ছেলেরা নিজেরাই পড়ার ফাঁকে ইট শুকানোর কাজ করে। আমার ইটভাটাতে শিশুদের শ্রমিক হিসেবে নিয়োগ দেওয়া হয় না।’
ঠাকুরগাঁওয়ের শিশুরোগ বিশেষজ্ঞ শাহজাহান নেওয়াজ বলেন, ইটভাটায় কাজ করতে গিয়ে শিশুরা শিক্ষা থেকে ছিটকে পড়ার পাশাপাশি তারা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। ইটভাটার বিষাক্ত ধোঁয়া ও ধুলাবালিতে শিশুদের ত্বক ও নখ নষ্ট হওয়ার পাশাপাশি রক্তস্বল্পতা, অ্যাজমা, হাঁপানি, ব্রঙ্কাইটিস রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।
ঠাকুরগাঁও শহরে মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে ‘ক্লিয়ার প্রকল্প’ বাস্তবায়ন করছে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)। ‘ক্লিয়ার প্রকল্প’ ঠাকুরগাঁওয়ের প্রকল্প ব্যবস্থাপক সুজন খান বলেন, শ্রম আইন অনুযায়ী কোনো ব্যক্তি শিশু বা কিশোরকে চাকরিতে নিযুক্ত করলে বা আইনের কোনো বিধান লঙ্ঘন করে শিশুকে চাকরি করার অনুমতি দিলে, তিনি পাঁচ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হবেন।
জেলা ইটভাটা সমিতির সভাপতি মুরাদ হোসেন বলেন, অধিকাংশ ইটভাটাতেই শিশু শ্রমিক নেই। কিছু শিশু তাদের মা-বাবার সঙ্গে এখানে আসে। তবে শিশুদের শ্রমিক হিসেবে নিয়োগ দেওয়া হয় না। জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস বলেন, ‘যেসব ইটভাটা শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত করছে, তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’