ইটভাটার উত্তপ্ত ধোঁয়ায় পুড়ল ৫০০ বিঘার ধান
ইটভাটা থেকে নির্গত উত্তপ্ত কালো ধোঁয়ায় নওগাঁর মান্দা ও বগুড়ার শাজাহানপুরে ৫০০ বিঘা জমির বোরো ধান পুড়ে গেছে বলে কৃষকেরা অভিযোগ করেছেন।মান্দা উপজেলার মহানগর গ্রামে অবস্থিত ইটভাটাটি বন্ধের দাবি জানিয়েছেন মহানগর ও কালীসফা গ্রামের ৩০০ কৃষক। এ ব্যাপারে গত ৯ এপ্রিল তাঁরা জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের কাছে আবেদন করেন। এতে বলা হয়, ইটভাটার ক্ষতিকর কালো ধোঁয়ায় প্রায় ৩০০ বিঘা জমির বোরো সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছের আম নিচের দিক থেকে পচে ঝরে পড়ে যাচ্ছে। মরে গেছে ইটভাটার আশপাশের গাছপালা।মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাওসার জাহান জানান, উপজেলা কৃষি কর্মকর্তার কাছ থেকে তিনি জেনেছেন, ভাটার যে গ্যাসটা (উত্তপ্ত কালো ধোঁয়া) নিয়মিত বের হওয়ার কথা, সেটা নিয়মিত না করে এক দিনে ছাড়া হয়েছিল। এ জন্যই এ দুর্ঘটনা ঘটেছে।মান্দা উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রামাণিক বলেন, ‘আমাদের প্রতিবেদনে বলেছি, “ইটভাটার উত্তপ্ত কালো ধোঁয়ায়” ফসলের এমন ক্ষতি হয়েছে। একসঙ্গে অনেক কয়লা দিয়ে ভাটার চুল্লিতে আগুন ধরানোয় এ রকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’১ মে মহানগর গ্রামে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, সহকারী কমিশনার (ভূমি) এসে একটি ইটভাটা বন্ধ করে দিয়ে গেছেন। কিন্তু পাশেই আরেকটি ভাটায় ইট পোড়ানো হচ্ছে। সেই ভাটার বিষাক্ত গ্যাসেই তাঁদের পাকা ধান পুড়ে গেছে। গ্রামের প্রবেশমুখে দেখা যায়, ধানখেতের ভেতর দুটি ইটভাটা। অভিযোগ পাওয়ার পর এসবিসি নামের ভাটাটি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে তার পাশেই আদর্শ ব্রিকস নামের আরেকটি ভাটা জ্বলছে। ইটভাটার পশ্চিম দিকের খেতের ধান পুড়ে গেছে। শিষ চিটা হয়ে গেছে। ভাটার পাশের কয়েকটি ইউক্যালিপটাস গাছের পাতা মরে গেছে। কয়েকটি খেজুর ও একটি জলপাই গাছ মরে গেছে।ইটভাটার একেবারে পাশেই আছে মহানগর গ্রামের আবদুল মতিনের ধানখেত। সেই জমির ধান সব চিটা হয়ে গেছে। মতিনের ভাই মোস্তাফিজুর রহমান বলেন, ‘গত ৯ এপ্রিল হামি খেতে চাষ দিবার আইসছুনু। ভাটার গ্যাসত টিকতে না প্যারা হাল ছ্যাড়া দিয়্যা চল্যা য্যাতে বাধ্য হই।’একই গ্রামের কৃষক নরেন্দ্রনাথ প্রামাণিক জানান, তাঁর আমবাগানে ২৭টি গাছ আছে। এবার প্রায় এক লাখ টাকার আম বিক্রি হতো। কিন্তু ইটভাটার কারণে সব গাছের আম অর্ধেক পচে পড়ে যাচ্ছে। রাজশাহী ফল গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আবদুল আলীম বলেন, আমের এই রোগের নাম ব্লাকটিপ। ইটভাটার বিরূপ প্রভাবের কারণেই এগুলো হয়।বগুড়ার শাজাহানপুর উপজেলার সুজাবাদ এলাকার চাষি মমতাজ উদ্দিন বলেন, ‘মাত্র ১৫ দিনের লাগি ধান কাটা গেলোনি। ভাটার গ্যাস ছেড়ে দেওয়ার কারণে হামাগোরে এলাকার ধানসহ সব ফসল পুড়ে যাওয়ার মতো অবস্থা হচে।’সুজাবাদ এলাকায় কানছগাড়ি মাঠে একটি ইটভাটার নির্গত গ্যাসে ১৫০ বিঘার জমির ধানসহ অন্য ফসল পুড়ে গেছে। গত ২৯ এপ্রিল উপজেলা কৃষি কর্মকর্তা ও ১৩ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর ঘটনাস্থল পরিদর্শন করে ফসল দেখে বলেছেন, ইটভাটার কারণে ফসলের ক্ষতি হয়েছে।পৌর কাউন্সিলর খোরশেদ আলম জানান, ইটভাটা থেকে ছেড়ে দেওয়া গ্যাসেই ফসলের ক্ষতি হয়েছে। শুধু সুজাবাদ এলাকা নয়, পাশেই হেলেঞ্চাপাড়া গ্রামে দুটি ইটভাটার গ্যাসে ৫০ বিঘা জমির ধান পুড়ে গেছে।সরেজমিন দেখা গেছে, বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের দ্বিতীয় বাইপাসসংলগ্ন এমবিবি নামে জিগজ্যাগ ভাটা স্থাপন করা হয়েছে। ভাটার আশপাশে বোরো ধানসহ অন্য ফসলের চাষ করা হয়েছে। এলাকার লোকজনদের সঙ্গে কথা বলে জানা যায়, এ বছরই প্রথম এই এলাকায় ভাটা করা হয়েছে। তাতে কয়েক দিন আগে ইট পোড়ানোর জন্য আগুন দেওয়া হয়। গত ২৬ এপ্রিল থেকে ধানগাছের পাতা পুড়ে যাওয়ার মতো অবস্থা দেখা যাচ্ছে।সুজাবাদ গ্রামের সাখোয়াত হোসেন, বাবলু সরকার, রুহুল আমিন, বাদশা মিয়া জানান, তাঁদের ২০ শতাংশ থেকে দেড় বিঘা করে জমি রয়েছে এখানে। সেই জমির ধান পুড়ে গেছে।ভাটার মালিকের ভাই আবদুল হান্নান জানান, ভাটার কারণে ফসলের ক্ষতি হয়ে থাকলে তাঁরা সেই ক্ষতিপূরণ দিতে রাজি আছেন।বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ এইচ বজলুর রশিদ বলেন, ইটভাটার নির্গত গ্যাস থেকে এ ঘটনা ঘটতে পারে। আবহাওয়া উত্তপ্ত হলে পরাগায়নের অসুবিধা হওয়ার কারণে এ রকম ঘটনা ঘটে।