ইটভাটার করাল গ্রাসে পক্ষীশালা!
চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জের কোদালা বন বিটের সংরক্ষিত বনাঞ্চলে গড়ে তোলা শেখ রাসেল পক্ষীশালা ও বিনোদনকেন্দ্র ইটভাটার কালো ধোঁয়ায় হুমকির মুখে পড়েছে। বন বিভাগ সূত্র জানায়, পরিবেশ ও বন মন্ত্রণালয় প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে পক্ষীশালা ও বিনোদনকেন্দ্র গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করে। ২০১০ সালের আগস্ট মাস থেকে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জের কোদালা বন বিটের সংরক্ষিত বনাঞ্চলের প্রায় ৬০০ একর বনভূমিজুড়ে এই পক্ষীশালা ও বিনোদনকেন্দ্র বাস্তবায়নের কাজ চলছে।চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জের কোদালা বন বিট কর্মকর্তা মিজানুর রহমান জানান, রাঙ্গুনিয়ায় বাস্তবায়নাধীন পক্ষীশালা ও বিনোদনকেন্দ্রে পাখিকুলের স্নানাহারের জন্য আকর্ষণীয় লেক ও লেকের মধ্যে দ্বীপসহ অবকাঠামো নির্মাণের কাজ চলছে। পাখির খাদ্য উৎপাদনের জন্য বট, অশ্বত্থ, পাকুড়, আমলকী, ডুমুরগাছসহ বিভিন্ন প্রজাতির ফলদ বৃক্ষের বাগান সৃজনের কাজ প্রায় শেষের পথে। তিনি বলেন, বিশ্বে একমাত্র মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় এ ধরনের পক্ষীশালা ও বিনোদনকেন্দ্র রয়েছে। রাঙ্গুনিয়ায় বাস্তবায়নাধীন কেন্দ্রটি দেশের প্রথম পক্ষীশালা ও বিনোদনকেন্দ্র। কিন্তু গড়ে তোলা ইটভাটাগুলোর করাল গ্রাসে রয়েছে এই পক্ষীশালা ও বিনোদনকেন্দ্র।এলাকাবাসী জানান, পক্ষীশালা ও বিনোদনকেন্দ্রের চারপাশে নয়টি ইটভাটা রয়েছে। এক যুগেরও বেশি সময় ধরে ইটভাটাগুলো সংরক্ষিত বনাঞ্চল ও সামাজিক বনায়নের বাগান উজাড় করে কাঠ পুড়িয়ে ইট তৈরির কাজ চালিয়ে যাচ্ছে। ভাটার কালো ধোঁয়ায় এই কেন্দ্রের মারাত্মক ক্ষতি হলেও রহস্যজনক নীরবতা পালন করছে বন বিভাগ। চট্টগ্রাম বন গবেষণা কেন্দ্রের কর্মকর্তা তাজুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, যথাযথ পরিবেশ না থাকলে যেকোনো বৃক্ষসহ পাখির খাদ্য উৎপাদনকারী বৃক্ষের বাগান ও আবাসস্থল সৃষ্টি হবে না। পক্ষীশালা ও বিনোদনকেন্দ্র বাস্তবায়নের কাজ শুরু করা হলেও পরিবেশের জন্য ক্ষতিকর ইটভাটাগুলো উচ্ছেদের কোনো ব্যবস্থা নেয়নি বন বিভাগ। বরং ওই এলাকায় একের পর এক নতুন ইটভাটা গড়ে উঠছে, যা পক্ষীশালা ও বিনোদনকেন্দ্রের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, ইটভাটাগুলো বন্ধের জন্য অনুরোধ করা হলেও মালিকেরা তোয়াক্কা করছেন না। ইটভাটার কালো ধোঁয়ার আবরণ ছড়িয়ে পড়ছে পক্ষীশালা ও বিনোদনকেন্দ্রসহ বনাঞ্চলের চারপাশ।এ ব্যাপারে যোগাযোগ করা হলে নাম প্রকাশ না করার শর্তে একটি ইটভাটার মালিক বলেন, ‘ইটভাটাগুলো পক্ষীশালা ঘোষণার ১৮-২০ বছর আগেই গড়ে তোলা হয়েছে। প্রতিটি ইটভাটায় কোটি টাকার ওপরে বিনিয়োগ রয়েছে। ইটভাটা বন্ধ করলে আমরা ক্ষতির সম্মুখীন হব।’চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা বখতিয়ার নূর সিদ্দিকী প্রথম আলোকে বলেন, পক্ষীশালা ও বিনোদনকেন্দ্রের পরিবেশ ও বনাঞ্চল রক্ষার জন্য ইটভাটাগুলো উচ্ছেদ করা জরুরি। কেন্দ্রের বনাঞ্চল বেষ্টিত ইটভাটাগুলো উচ্ছেদের জন্য চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর লিখিতভাবে জানানো হয়েছে।