ইটভাটার কারণে হুমকিতে বাঁধ ও ফসলি জমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলায় জনবসতির মধ্যে গড়ে তোলা একটি ইটভাটার কারণে পাউবোর বাঁধ ও আশপাশের ফসলি জমি মারাত্মক হুমকির মুখে পড়েছে।ইটভাটার দূষিত পানি জমা করার জন্য বাঁধের পাশেই নালা কাটা হয়েছে। পরে ওই পানি বাঁধ কেটে পাইপের মাধ্যমে নদীতে ফেলা হচ্ছে। পাশাপাশি ভাটার আশপাশের খেতে ফসল উৎপাদন কমে যাওয়ায় সংশ্লিষ্ট মালিকেরা ইটভাটার কাছে জমি বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।সরেজমিনে দেখা গেছে, উপজেলার বিষখালী নদীর তীরের কূপদোন এলাকায় জনবসতির মধ্যে বন্যানিয়ন্ত্রণ বাঁধ ঘেঁষে প্রায় ১৩ একর ফসলি জমিতে ‘আরএসএফ এন্টারপ্রাইজ’ নামের এই ইটভাটাটি স্থাপন করা হয়েছে। ভাটার জমিতে ৩০ ফুট গভীর করে আট-নয়টি পুকুর খনন করে ইট তৈরির জন্য মাটি নেওয়া হয়েছে। ভাটার আশপাশে রয়েছে ফসলি জমি। বাঁধের পাশ ঘেঁষে তৈরি করা হয়েছে নালা। জিগজ্যাগ পদ্ধতির এই ইটভাটার দূষিত পানি ওই নালায় জমা হচ্ছে। পরে তা বাঁধ কেটে পাইপ দিয়ে নদীতে ফেলা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৮ সালে তিন একর জমি কিনে ইটভাটাটি স্থাপন করেন বরগুনার ব্যবসায়ী আবদুর রাজ্জাক। ধীরে ধীরে ভাটার আশপাশের ১৩ একর ফসলি জমি কিনে তিনি ভাটাটি সম্প্রসারণ করেন। জমি বিক্রেতা মোতালেব মৃধা বলেন, প্রথমে তাঁদের কয়েকজনের কাছ থেকে ১৮ হাজার টাকায় ৩৬ শতক জমি কিনে নিয়ে ভাটাটি স্থাপন করা হয়। পরে ভাটা সম্প্রসারণের জন্য আশপাশের ফসলি জমি দ্বিগুণ মূল্যে কিনে নিতে থাকেন ভাটার মালিক।স্থানীয় কৃষকেরা অভিযোগ করেন, ইটভাটার জমিতে বড় বড় পুকুর খনন করে মাটি তোলায় এবং ভাটা থেকে নির্গত ধোঁয়ার কারণে আশপাশের জমিতে ফলন কমে গেছে। তিন বছর আগেও জমিতে যে ধান হতো, এখন তার অর্ধেক ধান পান তাঁরা। এ কারণে অনেকে ওই ইটভাটার কাছে জমি বিক্রি করে দিতে বাধ্য হয়েছেন।স্থানীয় বাসিন্দা গোলাম মোস্তফা বলেন, ‘আমার ৩৪ শতাংশ আবাদি জমি ওই ইটভাটার কাছে বিক্রি করতে বাধ্য হয়েছি।’ স্থানীয় বাসিন্দারা জানান, ভাটার পানি অপসারণের জন্য বাঁধের পাশে নালা খনন করায় বাঁধটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ১৫-১৬ দিন আগে রাতের আঁধারে বাঁধ কেটে মোটা পাইপ স্থাপন করে নদীর সঙ্গে সংযোগ দেওয়ায় বাঁধটির ভিত দুর্বল হয়ে গেছে। এসব ব্যাপারে জানতে চাইলে আরএসএফ এন্টারপ্রাইজের মালিক আবদুর রাজ্জাক বলেন, ‘আমি জোর করে কারও জমি কিনিনি; বরং এখন অনেকে আমার কাছে জমি বিক্রি করতে চাইছে। এ ছাড়া ভাঙনরোধে আমি নদীর পাড়ে ইট ফেলেছি।’এ ব্যাপারে যোগাযোগ করা হলে পাউবোর বরগুনা কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী আবুল হোসেন বলেন, বিষয়টি সম্পর্কে তাঁরা খোঁজ নেবেন এবং সত্যতা পেলে ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাদল চন্দ্র হালদার বলেন, এ বিষয়ে তাঁর কাছে কেউ কোনো অভিযোগ দেয়নি। ভুক্তভোগীরা অভিযোগ দিলে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক সুকুমার বিশ্বাস বলেন, লোকালয়ে ও ফসলের মাঠে ইটভাটা স্থাপনের কোনো নিয়ম নেই। তিনি শিগগিরই ভাটা এলাকা পরিদর্শন করবেন এবং অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেবেন।