ইটভাটার কারণেই নবাবগঞ্জে আম বাগানের ক্ষতি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৭ নম্বর দাউদপুর ও ৮ নম্বর মামুদপুর ইউনিয়নের আমবাগানের আম ইটভাটার ধোঁয়ার কারণেই নষ্ট হয়েছে বলে তদন্তে সত্যতা মিলেছে।
গত ২৮ মে রংপুর কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. হামিম রেজা তদন্ত প্রতিবেদনটি জমা দেন। তিনি জানান, ১৯ মে প্রথম আলোয় ‘নবাবগঞ্জে ১৩ কোটি টাকার আম নষ্ট’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক তাঁকে ক্ষতিগ্রস্ত আমবাগান পরিদর্শন করে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।
হামিম রেজা আরও জানান, ২২ মে তিনি নবাবগঞ্জের কৃষি কর্মকর্তা আখেরুর রহমানকে নিয়ে ক্ষতিগ্রস্ত বাগান পরিদর্শন করেন। এর পর তিনি তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেন, ওই এলাকার এমএমবি ও এমআরটি ইটভাটার ধোঁয়ার কারণেই আমবাগানগুলোর আমে ব্ল্যাকটিপ রোগ দেখা দিয়েছে। এ রোগের কারণে আমগুলো নষ্ট হয়ে ঝরে পড়ছে।