ইটভাটার কারণেই নষ্ট হয়েছে ধান
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের বুকশুলা সেতুসংলগ্ন ইটভাটা থেকে নির্গত গ্যাস ও তাপের কারণেই এলাকার বেশ কিছু জমির ধান নষ্ট হয়েছে বলে তদন্তে সত্যতা মিলেছে।
তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, তদন্তকালে উভয় পক্ষের লোকজন উপস্থিত ছিলেন। বোরো ফসলে কোনো রোগ বা পোকামাকড়ের আক্রমণ দেখা যায়নি। ওই এলাকায় শুধু ইটভাটা ছাড়া ক্ষতিকারক গ্যাস নির্গমনের অন্য কোনো উৎস নেই। গ্যাস নিঃসরণ ও তাপ নির্গমনের ত্রুটির কারণে এ রকম ঘটনা ঘটতে পারে বলে তদন্তকারী দলের কাছে মনে হয়েছে।
এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রাব্বী গত বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন পেয়েছেন বলে জানান। তিনি বলেন, ইটভাটার মালিকের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইটভাটার মালিক উপজেলার চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, তদন্ত প্রতিবেদনের বিষয়ে তিনি কোনো নোটিশ পাননি। তিনি দাবি করেন, ইটভাটার কারণে নয়, প্রাকৃতিক কারণে ধানের ক্ষতি হয়েছে।
এলাকার ক্ষতিগ্রস্ত ৪২ জন কৃষক তাঁদের মালিকানাধীন ১০০ বিঘা জমির ধান ওই ইটভাটার গ্যাসে পুড়ে যাওয়ার বিষয়ে গত ১৩ মে ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেন। ইউএনও কালীগঞ্জের উপজেলা কৃষি কর্মকর্তা সামছুদ্দিন মিয়াকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটির সদস্যরা ২০ মে মাঠপর্যায়ে তদন্ত করেন এবং ৩০ মে ইউএনওর কাছে তদন্ত প্রতিবেদন হস্তান্তর করা হয়।