ইটভাটার কালো ধোঁয়ায় পচছে বাগানের আম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ইটভাটার গ্যাস ও কালো ধোঁয়ায় অর্ধশতাধিক বাগানের আম পচে নষ্ট হয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।ক্ষতিগ্রস্ত আমচাষি গণি সরদার বলেন, ‘সবেমাত্র দু-একটা আম পাকতে শুরু করেছে। এ সময় চার-পাঁচ দিনের মধ্যে হঠাৎ আমে পচন ধরায় আমরা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছি। কিছু আম ব্যাপারিদের কাছে আগেই অল্প টাকা আগাম নিয়ে বিক্রি করেছিলাম। কিন্তু তারাও এখন আর এসব আম নিতে চাইছে না।’ একই ধরনের কথা বলেন আবুল বাশারসহ কয়েকজন।জানা গেছে, বড়াইগ্রাম উপজেলা সদর থেকে তিন কিলোমিটার দক্ষিণে লালপুর ও বড়াইগ্রাম উপজেলার সীমান্তবর্তী গোধড়া গ্রামে স্থানীয় ব্যবসায়ী আবদুল আলীমের মালিকানাধীন একিউএস ব্রিকস নামের ইটভাটার ধোঁয়ায় গোধড়া, গুনাইহাটি, ছাতিয়ানগাছা, চষুডাঙ্গা, ধলা এবং মানিকপুর গ্রামের অধিকাংশ আমবাগানের আম পচে যাচ্ছে।গত শনিবার সরেজমিনে দেখা গেছে, প্রায় ৪০০ বিঘা বাগানের অধিকাংশ আমের গায়েই কালচে দাগ পড়েছে। অনেক আম পচে ঝরে পড়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেন, প্রথম দিকে ইটভাটার ধোঁয়ায় কিছুটা ক্ষতি হলেও সম্প্রতি ভাটা বন্ধ করে দেওয়ার সময় আকসিঞ্চকভাবে একসঙ্গে ভাটার গ্যাস ও ধোঁয়া ছেড়ে দেওয়া হয়।গোধড়া গ্রামের আমচাষি আবদুল কুদ্দুস, মোজদার আলী ও শহীদুল ইসলাম জানান, প্রায় দুই সপ্তাহ আগে রাতে এই ধোঁয়া ও গ্যাস বের করে দেওয়ার পরদিন সকাল থেকেই দু-চারটা করে গাছের পাতা ঝরে পড়তে থাকে। দু-এক দিন পর থেকে আমের নিচের অংশে কালচে (শিল পড়ার মতো) দাগ পড়ে পচে যেতে থাকে। চার-পাঁচ দিনের মধ্যে পুরো আম কালচে বর্ণের হয়ে বোঁটাসহ পচে ঝরে পড়ছে।লালপুরের কমচিলা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা অশ্বিনী কুমার সরকার বলেন, ইটভাটার ধোঁয়া ও গ্যাস একসঙ্গে বের করে দেওয়ায় গাছের সালোকসংশ্লেষণ বাধাগ্রস্ত হয়েছে। এ কারণেই গাছপালা মরে যাচ্ছে এবং আম পচে যাচ্ছে।বড়াইগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবুল খায়ের বলেন, ‘এ ধরনের খবর শুনেছি। সময়স্বল্পতার কারণে সেখানে যেতে পারিনি।’ভাটার মালিক আবদুল আলিম এসব অভিযোগ অস্বীকার করেন এবং সাংবাদিকদের এসব নিয়ে সংবাদ প্রকাশ না করার অনুরোধ করেন। বগুড়া পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক আফরিন আক্তার জানান, তদন্ত সাপেক্ষে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।