ইটভাটার কালো ধোঁয়ায় পুড়েছে ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইটভাটার কালো ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত উঠতি বোরো ধানের ছড়া দেখাচ্ছেন এক কিষানি। ছবিটি গতকাল গাইবান্ধা সদর উপজেলার ভাটপাড়া গোপালপুর গ্রাম থেকে তোলা l প্রথম আলো
ইটভাটার কালো ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত উঠতি বোরো ধানের ছড়া দেখাচ্ছেন এক কিষানি। ছবিটি গতকাল গাইবান্ধা সদর উপজেলার ভাটপাড়া গোপালপুর গ্রাম থেকে তোলা l প্রথম আলো

তিনটি ইটভাটার কালো ধোঁয়ায় গাইবান্ধার দুটি উপজেলার প্রায় ৬৭ একর জমির উঠতি বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন শতাধিক কৃষক। এ ইটভাটা তিনটি হচ্ছে জেলার সদর উপজেলায় অবস্থিত সিথি ব্রিকস ও সোহাগ অ্যান্ড রাজিব এবং পলাশবাড়ী উপজেলার এমসি ব্রিকস।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় সূত্র জানায়, এ বছর জেলার সাতটি উপজেলায় বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয় ১ লাখ ২৭ হাজার হেক্টর। তবে আবাদ হয়েছে ১ লাখ ২৯ হাজার হেক্টরে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো হয়েছে। কিন্তু ইটভাটার বিষাক্ত কালো ধোঁয়ায় দুটি উপজেলার প্রায় ৬৭ একর জমির উঠতি বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় রয়েছে ৪৫ ও পলাশবাড়ী উপজেলায় রয়েছ ২০ একর জমি।
গতকাল সোমবার সকালে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ভাটপাড়া গোপালপুর গ্রামে অবস্থিত ‘সিথি ব্রিকস’ নামের ইটভাটা-সংলগ্ন এলাকা ঘুরে দেখা গেছে, আশপাশের ফসলের জমিতে কৃষকেরা কেউ ধান কাটছেন, কেউ ক্ষতিগ্রস্ত ধান নিয়ে আক্ষেপ করছেন। খোঁজ নিয়ে জানা গেল, ভাটপাড়া গোপালপুর গ্রামে এ বছর প্রায় ২৫ একর জমিতে বোরো ধানের চাষ হয়। কিন্তু গত ২৭ এপ্রিল সিথি ব্রিকস নামের ইটভাটার কর্তৃপক্ষ চিমনির নিচের দিককার মুখটি খুলে দেয়। এতে নিচ দিয়ে নির্গত হওয়া কালো ধোঁয়ায় অর্ধশতাধিক কৃষকের বোরো ধান পুড়ে যায়। ভাটপাড়া গোপালপুর গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক আল আমিন (৫০) বলেন, ‘ইটভাটার কালো ধোঁয়ায় আমার এক একর জমির উঠতি বোরো ধান এবং এক বিঘা জমির কচু নষ্ট হয়েছে।’
রামচন্দ্রপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মাহাবুব হোসেন বলেন, ওই গ্রামের ৫৬ জন কৃষকের ২২ একর ২৯ শতক জমির উঠতি বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত ধানগাছের শিষ চিটা হয়ে গেছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আ ক ম রুহুল আমিন মুঠোফোনে বলেন, ইটভাটা থেকে নির্গত কালো ধোঁয়ায় উঠতি ফসলের দানার গঠন ঠিকমতো হয়নি। তাই গাছে চিটা ধান হয়েছে।
একই ইউনিয়নের জগতরায় গোপালপুর গ্রামের সোহাগ অ্যান্ড রাজিব নামের ইটভাটার কারণে আশপাশের প্রায় ২৫ একর জমির ধান একইভাবে নষ্ট হয়েছে। ওই গ্রামের কৃষক আবুল বাশার বলেন, ‘জমি চাষাবাদ করেই আমাদের সংসার চলে। ধান বিক্রি করে দায়দেনা মিটাই। কিন্তু সম্প্রতি আমাদের গ্রামের ভাটার কালো ধোঁয়ায় আমার দেড় একর জমির ধান ও বেশ কিছু লিচুগাছ ক্ষতিগ্রস্ত হয়েছে।’ পার্শ্ববর্তী নশরতপুর গ্রামের অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ‘ধোঁয়ায় আমার এক বিঘা জমির বোরো ধান নষ্ট হয়। উঠতি ফসল ঘরে তুলতে পারিনি।’
রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, বিষয়টি সুরাহার জন্য গত ২৮ এপ্রিল কৃষি বিভাগের প্রতিনিধি, ভাটামালিক ও ক্ষতিগ্রস্ত কৃষকদের সভা ডাকা হয়েছিল। সভায় ইটভাটার মালিক বা তাঁর কোনো প্রতিনিধি উপস্থিত হননি।
তবে সিথি ব্রিকসের মালিক সোহেল মিয়া ও সোহাগ অ্যান্ড রাজিব ইটভাটার মালিক সোহাগ মিয়া মুঠোফোনে বলেন, তাঁরা নিজ উদ্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিয়েছেন।
এদিকে পলাশবাড়ীর বেতকাপা ইউনিয়নের সাকোয়া এলাকায় নির্মিত ইটভাটার (এমসি ব্রিকস) কালো ধোঁয়ায় ওই এলাকার প্রায় ২০ একর জমির ধান নষ্ট হয়। সাকোয়া এলাকার কৃষক রেজাউল মিয়া বলেন, এমনিতেই গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের পাশে জমি। উপরন্তু ভাটার ধোঁয়ায় উঠতি হাইব্রিড জাতের বোরো ধান পুড়ে গেছে।
এমসি ব্রিকসের মালিক নজল হোসেন বলেন, ‘ভাটার ধোঁয়ায় ধানের ক্ষতি হয়েছে ঠিক; তবে এর জন্য প্রশাসন আমাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করছি। তাঁদের ক্ষতিপূরণ দেওয়া হবে।’
ক্ষতির বিষয়ে কৃষি অধিদপ্তরের উপপরিচালক বলেন, আইনগত ব্যবস্থা নেওয়ার দায়িত্ব প্রশাসনের। তবে কৃষি বিভাগ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হচ্ছে।
গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মিজানুর রহমান মুঠোফোনে বলেন, অভিযুক্ত কয়েকটি ইটভাটার মালিককে জরিমানা করা হয়েছে।