ইটভাটার কিছু অংশ গুঁড়িয়ে দিল প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার মেলারডাঙ্গায় অবৈধভাবে নির্মিত এসএইচবি নামের এক ইটভাটার কিছু অংশ গতকাল শুক্রবার গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, এসএইচবি ইটভাটার পাশে একটি কারিগরি ও বাণিজ্যিক কলেজ, একটি মাদ্রাসা, একটি মুরগি খামার ও জনবসতি রয়েছে। এ ছাড়া ভাটার জমিতে বরেন্দ্র প্রকল্পের গভীর নলকূপ রয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মেলারডাঙ্গায় কয়েক মাস ধরে এসএইচবি ইটভাটা স্থাপনের কাজ শুরু করেন শহরের পোড়াভিটা মহল্লার শফিকুল ইসলাম। পৌরসভায় জনবসতির কাছে আবাদি জমিতে অবৈধভাবে ইটভাটা নির্মাণ বিষয়ে একাধিকবার বিভিন্ন পত্রপত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। উপজেলা প্রশাসন ছোটখাটো কিছু পদক্ষেপ নিলেও নির্মাণকাজ বন্ধ করতে পারেনি। তিন থেকে চার দিন ধরে সেখানে নতুন ইট তৈরির কাজ শুরু করেন ভাটার মালিক। পরে ইউএনও তরফদার মাহমুদুর রহমানের নেতৃত্বে গতকাল ট্রাক্টর দিয়ে ভাটার কিছু অংশ ভেঙে ফেলা হয়, ফায়ার সার্ভিস পানি দিয়ে কয়েক হাজার কাঁচা ইটও বিনষ্ট করে। ভাটার কর্মচারী আবুলকে আটক করে থানায় সোপর্দ করা হয়।
ভাটার মালিক শফিকুল বলেন, ভাটা-সংক্রান্ত কাগজপত্র প্রক্রিয়াধীন রয়েছে। প্রশাসন কোনো সময় না দিয়েই তাঁর ভাটাটি গুঁড়িয়ে দিয়েছে। ইউএনও বলেন, ভবিষ্যতে ওই স্থানে ইটভাটা চালু করা হবে না মর্মে মুচলেকা দিয়ে আটক কর্মচারীকে ছাড়িয়ে নিয়ে যান ভাটার মালিক।