ইটভাটার চুল্লির দেয়ালে চাপা পড়ে ঠাকুরগাঁওয়ে শ্রমিকের মৃত্যু
ঠাকুরগাঁও সদর উপজেলার দক্ষিণ বঠিনা এলাকার চৌরঙ্গী বাজারের একটি ইটভাটার চুল্লির দেয়ালের নিচে চাপা পড়ে গতকাল রোববার এক শ্রমিক নিহত হয়েছেন।
নিহত শ্রমিকের নাম সুদেব রায় (২৫)। তিনি সদর উপজেলার উত্তর রোয়ালিয়া গ্রামের মুকু রায়ের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নতুন মৌসুমে ইট পোড়ানোর প্রস্তুতি নেওয়ার জন্য গতকাল চৌরঙ্গী বাজারের এস কে ব্রিকস নামের একটি ইটভাটার চুল্লি ভাঙার কাজ করছিলেন একদল শ্রমিক। সকাল সাড়ে নয়টার দিকে সুদেব চুল্লির দেয়ালের নিচে চাপা পড়েন। পরে অন্য শ্রমিকেরা ইটের স্তূপ সরিয়ে তাঁকে উদ্ধার করেন।
ইটভাটার শ্রমিক সুনির্মল রায় জানান, চুল্লির চারদিকের দেয়ালের ইটের স্তূপ হঠাৎ সুদেবের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ঠাকুরগাঁও থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা হয়েছে।