ইটভাটার জন্য কাটা পড়ল কপোতাক্ষের বাঁধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার তালা উপজেলার গোনালী এলাকার কপোতাক্ষ নদের ভরাট হওয়া জমি দখল করে ইটভাটার মাটির জন্য পুকুর খনন করা হয়েছে। ওই পুকুর ভরাট করার জন্য সদ্য নির্মিত বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ কাটা হয়েছে। কাটা অংশ দিয়ে নদী থেকে পুকুর ভরাট করার জন্য তোলা হচ্ছে পলি।ওই বাঁধের ওপর কোনো ধরনের কার্যক্রম করা যাবে না—হাইকোর্টের এ ধরনের আদেশ থাকার পরও চলছে কাজ। বন্যানিয়ন্ত্রণ বাঁধ কেটে পলি তোলা অব্যাহত থাকলে গত বছরের মতো আসন্ন বর্ষায় আবারও এলাকার ১২টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।গোনালী গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, ২০১১ সালে ওই এলাকায় বন্যা দেখা দেয়। প্রায় ছয়-সাত মাস কয়েক হাজার মানুষ গৃহহীন হয়ে বিভিন্ন এলাকায় মানবেতর জীবন যাপন করে। ভেসে যায় চিংড়িঘের, পুকুর ও ফসলি জমি। গত বছর ওই এলাকার গোল্ডেন ব্রিক্স ও আরবিএস ব্রিক্স পলি তোলার নামে বেড়িবাঁধ কাটায় ১২টি গ্রাম বন্যার পানিতে তলিয়ে যায়। তালা উপজেলার খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ জানান, ওই বাঁধে কোনো ধরনের কাজ করা যাবে না—এই মর্মে হাইকোর্টের নির্দেশ রয়েছে। কিন্তু তা অমান্য করে বাঁধ কেটে কপোতাক্ষ নদ থেকে পলি তোলা হচ্ছে। এই বাঁধ কাটার কারণে এলাকা প্লাবিত হলে তার দায়ভার ভাটার মালিকদেরই নিতে হবে। দক্ষিণ নলতা গ্রামের আজিরউদ্দিন ও তফেজউদ্দিন জানান, গোনালী এলাকায় কপোতাক্ষ নদের তীরের উত্তর পাশে সাতক্ষীরা শহরের চালতেতলা এলাকার আতিয়ার রহমান কয়েক বছর আগে ২৫ বিঘা জমি ইজারা নিয়ে আরবিএস ব্রিকস প্রতিষ্ঠা করেন। পরে কপোতাক্ষ নদ ভরাট হয়ে চর জেগে ওঠা আরও ২০-২৫ বিঘা জমি দখল করে চালাচ্ছেন ভাটার কার্যক্রম। গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, কপোতাক্ষ নদের আগের সীমানা থেকে প্রায় ৩০০ ফুট সরে নদের বুকে নতুন বাঁধ দেওয়া হয়েছে। নদ ভরাট হয়ে জেগে ওঠা চরের জমি ভাটার লোকজন দখল করে রেখেছে। ওই জমির মধ্য থেকে ১০ বিঘা পুকুর খনন করে ভাটার জন্য মাটি তোলা হয়েছে। খনন করা পুকুর নদের পলি তুলে ভরাট করতে ভাটা মালিক নতুন বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধের দুই স্থানে প্রায় ৮-১২ হাত করে কেটেছেন। কপোতাক্ষ তীরের বাসিন্দা আয়েশা বেগম, নূর নাহার বেগমসহ কয়েকজন অভিযোগ করে বলেন, পুরাতন বাঁধ সংস্কার না করে ৩০০ ফুট দূরে নদীর বুকে বন্যা ঠেকানোর জন্য নতুন বাঁধ দেওয়া হয়েছে। এই সুযোগে ভাটার মালিকেরা ৩০০ ফুটের খালি জায়গা দখল করে নিয়ে পুকুর কেটে ভাটার জন্য মাটি তুলেছে। এখন কপোতাক্ষ নদের পলি দিয়ে পুকুর ভরাট করতে নতুন বাঁধ কেটে জোয়ারের পানি তুলছে। আরবিএস ব্রিক্স পরিচালনার দায়িত্বে থাকা আতিয়ার রহমানের ছেলে মিজানুর রহমান জানান, বাঁধ কাটার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান নিষেধ করেছিলেন। কিন্তু হাইকোর্টের কোনো নিষেধাজ্ঞা রয়েছে তা তিনি জানতেন না। তিনি দাবি করেন, এক মাসের জন্য বাঁধ কাটা হয়েছিল। আপত্তি ওঠায় বন্ধ করে করে দেওয়া হয়েছে। ইউএনও মাহবুবুর রহমান জানান, সরেজমিনে ইটভাটা কর্তৃপক্ষকে নিষেধ করার পরও পানি তুলছে। কাটা বাঁধও মেরামত করেনি। তারা সরকারি অনেক জমিও দখলে রেখেছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া হিসেবে বৃহস্পতিবার নোটিশ করা হয়েছে।