ইটভাটার জন্য গাছ কাটা বন্ধ করল প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পবায় ইটভাটার জন্য গাছ কাটা বন্ধ করে দিয়েছে প্রশাসন। গতকাল শনিবার পবা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে অভিযান চালিয়ে গাছ কাটা বন্ধ করে দেওয়া হয়েছে। এ সময় একটি ভাটার ব্যবস্থাপককেও আটক করা হয়েছে।
গতকাল প্রথম আলোতে ‘মুকুলভরা আমগাছ কেটে ইটভাটা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর গতকাল সকালে ইউএনও সেলিম হোসেনের নেতৃত্বে উপজেলার হরিয়ান ইউনিয়নের জায়গীরপাড়ায় অভিযান চালানো হয়। এ সময় রাজশাহী পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মামুনুর রশিদ ও মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির, হরিয়ান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মফিদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইয়াসিন আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
তাঁরা হরিয়ান ইউনিয়নের জায়গীরপাড়ায় গিয়ে দেখেন, ভাটার জন্য গাছ কাটা চলছেই। গতকালই কাটা হয়েছে আটটি আমগাছ। তাঁরা গাছ কাটা বন্ধ করে দেন।
ইউএনও সেলিম হোসেন বলেন, ভাটার মালিক রবিউল ইসলামকে তাঁরা ফোন করেন। প্রথমে তিনি ফোন ধরে আসতে চান। পরে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। তিনি বলেন, তাঁরা ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি ইয়াসিন আলীকে দায়িত্ব দিয়ে এসেছেন। সেখানে যেন ইটভাটা করার জন্য আর গাছ কাটা না হয়। ইটভাটাও যেন করতে না পারে, সেদিকে তাঁদের নজর রাখতে বলেন।
এদিকে ‘এসকেএস ব্রিকস’ নামের একটি ভাটায় অভিযান চালিয়ে ভাটার ব্যবস্থাপক আবদুল ওহাবকে আটক করে মতিহার থানায় সোপর্দ করা হয়। ইউএনও বলেন, তাঁরা একটি রিট আবেদনের কাগজ দেখিয়েছেন। সেটা ফটোকপি। মালিককে মূল কপি নিয়ে আসতে বলেন। রাতে রিটের সেই কপি দেখালে ব্যবস্থাপককে ছেড়ে দেওয়া হয়।