ইটভাটার জন্য নদীর এক পাড়ে চরে বাঁধ, ভাঙছে অন্য পাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া সেতুর পশ্চিম পাশে ইটভাটার মালিকেরা মাটি সংগ্রহের জন্য চরে বাঁধ দেওয়ায় নদীর পূর্ব পাশে খর্ণিয়া বাজারে ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। বাজারসংলগ্ন বেড়িবাঁধ ভেঙে গেলে যেকোনো সময় ১৫টি গ্রাম তলিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১০-১২ বছর আগে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া সেতুর পশ্চিম পাশ ঘেঁষে শাহজাহান জমাদ্দার নূরজাহান ব্রিকস নামের একটি ইটভাটা গড়ে তোলেন। এরপরই ডুমুরিয়া উপজেলার চেয়ারম্যান গাজী আবদুল হাদী ‘সেতু ব্রিকস’ ও সাতক্ষীরার হাজি ফজলুর রহমান ‘এসবি ব্রিকস’ গড়ে তোলেন।কালীভদ্রা নদীর চর ঘেঁষে গড়ে ওঠা এসব ভাটাগুলো শুরু থেকেই মাটির চাহিদা পূরণের জন্য নদীর চরে বাঁধ দিয়ে সেখানে নদীর পলি আটকাতে থাকে। কিছুদিন পরপর সেখান থেকেই পলি তুলে ইট তৈরি করেন। ফলে নদীর পশ্চিম পাশের চর দখল হতে হতে নদীর গতিপথ পরিবর্তিত হয় এবং পূর্ব পাশের খর্ণিয়া বাজারে ভাঙন শুরু হয়। ২০০৯ সালে এলাকাবাসী ভাটামালিকদের চর দখলের প্রতিবাদে আন্দোলন শুরু করেন। ২০১০ সালের পরে নদীর দুই পাশে ক্ষমতাশালীরা জনবসতিপূর্ণ এলাকায় আরও বেশ কয়েকটি ভাটা গড়ে তুলেছেন।১৪ অক্টোবর রাত থেকে খর্ণিয়া বাজারসংলগ্ন বেড়িবাঁধে ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। বাঁধ যেকোনো সময় ভেঙে গেলে আশপাশের ১৫টি গ্রাম তলিয়ে যাবে। বসতঘর ভদ্রা নদীতে যাওয়ার উপক্রম হওয়ায় কামরুল শেখ (২০) ক্ষোভের সঙ্গে বলেন, ‘ইটভাটা আলারা নদীর পশ্চিম পাশের চর দখল করায় আমাগে এই পারে ভাঙন শুরু হলি ২০০৯ সালে এমপি-উপজেলা চেয়ারম্যানেরা কইল তাড়াতাড়ি ওই চর দখলমুক্ত করে নদীর গতিপথ স্বাভাবিক করে দেবে। কিন্তু তিন বছরও তাঁরা তা কত্তি পাল্লে না। তাই ভাঙতি ভাঙতি আজ আমাগে রাস্তাডা তো গেছে, আর সামান্য এট্টু মাটি সরলিই যেকোনো সময় আমাগে ঘরবাড়িসহ আশপাশের ১৫ডা গ্রাম পানিতি তলায়ে যাবেনে।’খর্ণিয়া ইউপির চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন বলেন, ভাটামালিকদের ‘চর দখল’ বন্ধ করতে না পারলে নদীভাঙন রোধ করা সম্ভব নয়। পাউবো ডুমুরিয়া কার্যালয়ের শাখা কর্মকর্তা হাসনাতুজ্জামান বলেন, চরে ভাটামালিকদের দেওয়া বাঁধে পানি বাধা পেয়ে নদীর গতিপথ পরিবর্তন হয়ে বিপরীত প্রান্তে খর্ণিয়া বাজারের পাড় ভাঙছে।অভিযোগ প্রসঙ্গে নূরজাহান ব্রিকসের মালিক শাহজাহান জমাদ্দার বলেন, ‘২০০৯ সালে তখনকার ইউএনও আমাকে বাঁধ ভেতরে সরিয়ে নিতে বললে আমি প্রায় ২০ হাত সরিয়ে নিয়েছি। তা ছাড়া এবার ভাঙনের স্থানে আমি ৪৫ ট্রাক ভাঙা ইট দিয়েছি।’ এসবি ব্রিকসের মালিক ফজলুর রহমান চর দখলের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘নদীর এ পাশে গড়ছে ওপাশে ভাঙছে। তবুও আমরা ওপাশের ভাঙন ঠেকাতে মানবিক কারণে ভাঙা ইট দিচ্ছি।’ পাউবো খুলনার উপবিভাগীয় প্রকৌশলী সৈয়দ আবুল হোসেন বলেন, নদীর ওপাশে চরের বাঁধ কেটে দিলে সব সমস্যার সমাধান হবে। তা ছাড়া নদীভাঙন রোধে ‘স্থায়ী নদী তীর প্রতিরক্ষা বাঁধ নির্মাণের প্রকল্প’ ঢাকায় পাঠানো হয়েছে।সেতু ব্রিকসের মালিক ও উপজেলা চেয়রম্যান গাজী আবদুল হাদী বলেন, ‘ওই পাশের চরের বাঁধ কাটার কথা ছিল পাউবোর। আমরা ভাটামালিকেরা উদ্যোগ নিয়ে ভাঙনের স্থানে ইট ফেলছি।’