ইটভাটার ট্রাকের কারণে সড়কের বারোটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের উড়োতলা-বনগ্রাম ইট বিছানো সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। মাটিবোঝাই ট্রাক ইটভাটায় যাওয়া-আসা করায় সড়কটির এই দশা হয়েছে। ট্রাক চলাচল করায় শুধু রাস্তাটিই এবড়োখেবড়ো হয়ে যায়নি, সড়কলাগোয়া বসতবাড়ির দেয়ালেও ফাটল ধরেছে।এলাকাবাসী জানান, বছর খানেক আগে উপজেলার উড়োতলা-বনগ্রাম সড়কের প্রায় ৪০০ ফুট অংশ ইট বিছিয়ে সংস্কার করা হয়। ২০ দিন ধরে পাশের এলাকায় অবস্থিত স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জসিম উদ্দিনের চাচার মাছের ঘের কাটা হচ্ছে। প্রতিদিন সেখান থেকে ১৫ থেকে ১৬টি ট্রাকে করে মাটি সরিয়ে এ পথ দিয়ে আফিল ব্রিকস নামের ওই ইটভাটায় নেওয়া হচ্ছে।স্থানীয় বাসিন্দা আবেদা বেগম বলেন, ‘দিনরাত মাটিবোঝাই ট্রাক যায় রাস্তাটা দিয়া। সেই জন্য রাস্তার সঙ্গে লাগানো আমার ঘরের দেয়ালে ফাটল ধরছে। তা ছাড়া প্রচণ্ড ধুলা আর শব্দ তো আছেই। রাস্তায় ট্রাক চালাইতে মানা করায় মেম্বারের লোকজন আমাগো হুমকি দিতাছে।’আজিজুর রহমান বলেন, ‘রাস্তার পাশেই আমার পাকা বাড়ি। রাস্তা দিয়ে দিনরাত ট্রাক চলায় ঘরের দেয়াল ফেটে গেছে। মেম্বরের চাচার মাছের ঘেরের কাটা মাটি রাস্তা দিয়ে নেওয়া হচ্ছে। আমরা প্রতিবাদ করেছি। কিন্তু শুনে না। উল্টা মারতে আসে।’মাটির ঠিকাদার ফারুক হোসেন বলেন, ‘রাস্তাটি সংস্কারের জন্য তিন হাজার ইট দেওয়ার শর্তে স্থানীয় জনপ্রতিনিধিরা আমাকে ওই রাস্তায় ট্রাক চালানোর অনুমতি দিয়েছেন।’এ ব্যাপারে ইউপির সদস্য জসিম উদ্দিন বলেন, ‘রাস্তাটি নষ্ট হয়েছে ঠিকই। তবে সংস্কারের জন্য আফিল ব্রিকস আমাদের ইট দিয়েছে। মাটি নেওয়া শেষ হলে প্রয়োজনে আমার পকেটের টাকা দিয়ে রাস্তাটা ঠিক করে দেব।’ইউপির চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, ‘ঘের কাটা শেষ হতে অল্প একটু বাকি আছে। এটা সত্যি, ট্রাক চলাচল করায় গুরুত্বপূর্ণ এ রাস্তাটি ভেঙে গেছে। ইটভাটা কর্তৃপক্ষের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা ভেঙে যাওয়া রাস্তাটি ঠিক করে দেবে। কাউকে হুমকি দেওয়া হয়নি।’আফিল ব্রিকসের পরিচালক মাহবুব আলম বলেন, ‘স্থানীয় চেয়ারম্যান ও মেম্বার আমাদের ওই রাস্তা দিয়ে ট্রাক চলাচলের অনুমতি দিয়েছেন। তাঁরা আমাদের কাছে কিছু ইট চেয়েছিলেন। আমরা তা দিয়েছি। রাস্তা ভেঙেছে কি না, জানি না। ভাঙলে ঠিক করে দেব।’ইউএনও সিফাত মেহনাজ জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।