ইটভাটার তপ্ত জীবন
ইটভাটার চুল্লির গনগনে আগুনে চারপাশ যেন জ্বলছে। সেই তপ্ত পরিবেশ উপেক্ষা করে কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন জয়ন্তী রানী, আলো বালা, শাহিনা, নাসির, মশিউর ও জীতেন। তপ্ত পরিবেশে, ধুলাবালিতে জড়িয়ে জীবনের চাকা সচল রেখেছেন এসব মানুষ।
ঠাকুরগাঁও সদর ও বালিয়াডাঙ্গী উপজেলার কয়েকটি ইটভাটার শ্রমিকের সঙ্গে ১৮ ও ১৯ এপ্রিল এই প্রতিবেদকের কথা হয়। কথায় কথায় জানা হয় জীবনের নানা টানাপোড়েন আর সংগ্রামের কথা।
বালিয়াডাঙ্গী উপজেলার বারোঢালি গ্রামের কেয়া ইটভাটায় কাজ করেন সনগাঁও গ্রামের জয়ন্তী রানী (৪৮)। জয়ন্তীর স্বামী জগন্নাথ রায় ১৪ বছর আগে মারা যান। সেই থেকে ছেলেমেয়েদের মুখে খাবার তুলে দিতে ঘর ছেড়ে পথে নামেন কাজের সন্ধানে। কখনো মাটি কাটেন, কখনো করেন ইটভাটার চুল্লি থেকে পোড়া মাটি সরানোর কাজ। জয়ন্তীর মুখমণ্ডল রোদ ও ভাটার তাপে পুড়ে কালচে হয়ে গেছে। তিনি বলেন, ‘আমার মতো মানুষের কথা আপনে লিখে কী করবেন?’ বলতে বলতেই দুচোখ থেকে গড়িয়ে পড়ে পানি। চোখ মুছে বলতে থাকেন, ‘ছেলে নিজের সংসার নিয়ে ব্যস্ত। আমি ভাটার আগুনে পুড়েও যদি মেয়েটার বিয়ে দিতে পারি, তাহলে মরেও শান্তি পাই।’
লালমনিরহাটের হাতীবান্ধার আদর্শ গ্রাম থেকে সদর উপজেলার বড়দ্বেশ্বরী গ্রামের কেএমবি ইটভাটায় ছেলে রাশেদুল (১১) আর মেয়ে রশিদাকে (৫) সঙ্গে নিয়ে কাজ করতে এসেছেন নাসিরউদ্দিন ও শাহিনা দম্পতি। মা-বাবার সঙ্গে রাশেদুলও কাঁচা ইট বানায়। এ সময় রশিদা ইটভাটার তপ্ত পরিবেশে ধুলোবালি মেখে মেতে থাকে খেলায়।
কথা হয় সদর উপজেলার ভেলাজান গ্রাম থেকে কাজের জন্য আসা পাখি বেগমের সঙ্গে। তিনি বলেন, সকাল আটটায় কাজে এসে বিকেল পাঁচটায় ফেরেন। মাঝে ঘণ্টাখানেক পান খাওয়ার বিরতি। দৈনিক মজুরি মেলে ১৪০ টাকা। সমান কাজ করেও পুরুষ শ্রমিকের চেয়ে কম মজুরি পান। আক্ষেপ করে বলেন, ‘ইটভাটায় কাজ করা আর জাহান্নামের আগুনে পোড়া সমান কথা। কিন্তু উচিত টাকা পাই না। পুরুষ মানুষ যদি ২৫০ টাকা পায়, তাইলে আমরা পাই ১৪০ টাকা।’
প্রতিটি ইটভাটার কাছেই কাঁচা ইট আর টিন দিয়ে তৈরি করা হয়েছে শ্রমিকদের থাকার ঘর। ঘরগুলোর উচ্চতা পাঁচ থেকে সাড়ে পাঁচ ফুট। মাথা ছুঁই-ছুঁই এসব ছাপরাঘরে শ্রমিকেরা থাকেন পরিবার নিয়ে। যাঁরা পরিবার ছাড়াই এসেছেন কাজ করতে, তাঁরা একেকটি ঘরে ৮ থেকে ১০ জন থাকছেন গাদাগাদি করে।
ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের ভেলাজান গ্রামের এসএমবি ইটভাটায় অন্য শ্রমিকদের সঙ্গে এক ঘরে থাকেন নীলফামারীর ডোমারের ভাটাশ্রমিক পলাশ চন্দ্র। তিনি বলেন, এমনিতেই চুল্লির তাপে ভাটার আশপাশ খুব গরম থাকে। তার ওপর টিনের চালার উচ্চতা কম হওয়ায় ঘরগুলো যেন আগুন হয়ে থাকে।
ইটভাটাশ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, ইটভাটায় বিভিন্ন শ্রমিকেরা বিভিন্ন ধরনের কাজ করেন। যাঁরা মাটি কাটেন, তাঁদের বলা হয় জোগানদার। প্রতি এক হাজার বর্গফুট মাটি কাটতে তাঁদের পারিশ্রমিক দেওয়া হয় ৪৮০ টাকা। ইট বানানোর জন্য আছেন আলাদা শ্রমিক। তাঁরা এক হাজার কাঁচা ইট বানানোর জন্য পান দিনে ৪২০ টাকা। ইট পোড়ানোর শ্রমিকেরা মাসিক ভিত্তিতে টাকাটা পান। প্রতিজন শ্রমিক অভিজ্ঞতা অনুযায়ী মাসে ৮ থেকে ১০ হাজার টাকা রোজগার করতে পারেন। আর প্রতি এক হাজার ইট চুল্লিতে সাজিয়ে ও পোড়ানোর পর বের করতে একজন শ্রমিক পান ১১০ টাকা। এসব শ্রমিকের বাইরেও দৈনিক ভিত্তিতে শ্রমিক আছেন। তাঁদের মধ্যে পুরুষেরা দৈনিক পান ২০০ থেকে ২৫০ টাকা আর নারী শ্রমিকেরা মজুরি পান ১৪০ টাকা করে।
মানবাধিকারকর্মী জাহিদ ইকবাল বলেন, ‘ইটভাটার শ্রমিকদের জীবন দেখে নিজেরই কষ্ট লাগে। কিন্তু তাঁদের প্রতি সহানুভূতি দেখানো ছাড়া এ মুহূর্তে আমাদের তেমন কিছু করার নেই।’