ইটভাটার দেয়াল ধসে ৩ নারীশ্রমিক নিহত
চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন লতিফপুর এলাকায় ইটভাটার দেয়াল ধসে তিন নারীশ্রমিক নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকেরা হলেন লক্ষ্মী রানী দাস (৪০), বাসন্তী রানী দাস (৪৫) ও তাসলিমা (৩০)। প্রথম দুজনের বাড়ি ইটভাটা লাগোয়া দাসপাড়ায় এবং তাসলিমার গ্রামের বাড়ি খুলনার পাইকগাছা এলাকায়। আহত নারীশ্রমিকের নাম সোমা রানী দাস (৬৫)। পুলিশ সূত্র জানায়, হতাহত শ্রমিকেরা লতিফপুরের ‘কামাল ব্রিকফিল্ড’ নামের একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। দুপুরের দিকে তাঁরা ইটভাটার দেয়াল পরিষ্কার করছিলেন। হঠাৎ করে একটি দেয়াল ধসে পড়ে তাঁদের ওপর। ঘটনাস্থলেই তিনজন মারা যান। সাগরপাড়ের লবণাক্ত মাটি দিয়ে এই ভাটায় ইট তৈরি হচ্ছিল বলে অভিযোগ পাওয়া গেছে। নতুন ইট পোড়ানোর আগে খাঁচার মতো দেয়াল পরিষ্কার করতে হয়। লবণাক্ত মাটির ইট বলে দেয়ালটি নড়বড়ে হয়ে গিয়েছিল। এ কারণে দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় লোকজন অভিযোগ করেছে। ডবলমুরিং অঞ্চলের সহকারী কমিশনার আরেফিন জুয়েল প্রথম আলোকে বলেন, ইটভাটার দেয়ালটি নড়বড়ে ছিল। দুর্ঘটনার পর থেকে ইটভাটার মালিক পলাতক। স্থানীয় বাসিন্দারা জানায়, ইটভাটাটি বঙ্গোপসাগর লাগোয়া বেড়িবাঁধের বাইরে। অর্থাৎ বর্ষাকালে উত্তাল সাগরের ঢেউ আছড়ে পড়ে এই ইটভাটায়। লবণাক্ত মাটি দিয়ে তৈরি এসব ইট বিভিন্ন ভবন বা যেকোনো নির্মাণকাজে ব্যবহার করা ঝুঁকিপূর্ণ। জানা গেছে, এক-দেড় বছর আগে পরিবেশ অধিদপ্তর এই ইটভাটাকে একবার পাঁচ লাখ টাকা জরিমানা করে।সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নেছার উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘বন বিভাগ ও পানি উন্নয়ন বোর্ডের জায়গায় ইটভাটাটি করা হয় বলে আমি শুনেছি। বেড়িবাঁধের বাইরে সাগরের দিকে এটির অবস্থান, যে কারণে এলাকার প্রতিনিধি হিসেবে আমার ভূমিকা নেই। এসব দেখার দায়িত্ব পরিবেশ অধিদপ্তরের।’