ইটভাটার ধোঁয়ায় বিপাকে মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাছের আম পেকে পড়ে যাচ্ছে। বিস্বাদ হওয়ায় কেউ মুখে দিচ্ছে না। মরিচের গাছ আছে, ফুল ফুটছে না। মহল্লার লোকজন শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। তাদের অভিযোগ, এ সবকিছুই ঘটছে একটি ইটভাটার ধোঁয়ার কারণে। তিন বছর আগে ভাটাটি স্থাপনের পর থেকে কয়েকটি মহল্লায় এসব সমস্যা দেখা দিয়েছে।
ইটভাটাটির নাম ‘রাজশাহী অটো ব্রিকস লিমিটেড’। এর অবস্থান রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পালোপাড়া মহল্লায়। ভাটার মালিক নাজমুল হকের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী পৌর এলাকার অভ্যন্তরে ও কৃষিজমিতে ইটভাটা স্থাপন করা যাবে না। কর্তৃপক্ষ এই এলাকায় ইটভাটা স্থাপনের জন্য কোনো লাইসেন্সও দিতে পারবে না। এসব নিয়ম লঙ্ঘন করেই ইটভাটাটির কার্যক্রম চলছে।
ভুক্তভোগী লোকজন বলছে, এই ভাটায় চালার নিচে স্বয়ংক্রিয় যন্ত্র দিয়ে ইট প্রস্তুত ও শুকানো হয়। কিন্তু ইট পোড়ানো হয় সাধারণ ভাটার মতো। সাধারণ ভাটায় আদর্শ উচ্চতার চিমনি থাকে। এই ভাটার তা নেই। নিচ দিয়েই ধোঁয়া ছাড়ে। ইটভাটার বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত মহল্লাবাসী ৬ জুলাই পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা ও পরিবেশ অধিদপ্তরের রাজশাহী উপপরিচালকের কার্যালয়ে একটি লিখিত অভিযোগ করেছে। এতে বলা হয়েছে, রাজশাহী অটো ব্রিকস লিমিটেডের বিষাক্ত ধোঁয়া ও গ্যাসে আম, কাঁঠাল ও শাকসবজির ব্যাপক ক্ষতি হচ্ছে। এ ছাড়া বিষাক্ত ধোঁয়ায় শিশু ও বয়স্ক মানুষের শরীরের নানা রকম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। নওহাটা পৌর এলাকার পালোপাড়া, পুঠিয়াপাড়া, মধুসূদনপুর, মদনহাটি, আলাইবিদিরপুর ও বরইকুড়ি মহল্লায় এই বিরূপ প্রভাব পড়ছে। তাঁরা সরেজমিনে তদন্ত করে এলাকার ফসল ও মানুষের স্বাস্থ্য রক্ষার দাবি জানিয়েছেন। তাঁদের এই আবেদনপত্রে পৌরসভার মেয়র মকবুল হোসেন ও প্যানেল মেয়র তাজমা ইসলাম সুপারিশ করেছেন।
৭ জুলাই পালোপাড়া মহল্লার একটি আমবাগানে গিয়ে দেখা যায়, ফজলি আমের আকার একবারে ছোট। বাগানমালিক মিজানুর রহমান বলেন, বাগানের নয়টি গাছ এক লাখ টাকা দাম উঠেছিল। আমের এই অবস্থা দেখে ব্যবসায়ীরা আর আসেননি।
আমবাগানের পাশেই মরিচখেত। গাছ বড় হয়েছে। একটি গাছেও ফুল আসেনি। পাতা কুঁকড়ে গেছে। স্থানীয় কয়েকজন চাষি বলেন, ইটভাটার বিষাক্ত ধোঁয়ার কারণেই তাঁদের ফসলের সর্বনাশ হয়েছে। ভাটার ধোঁয়ায় মহল্লায় টেকা যায় না। দম বন্ধ হয়ে আসে। তাঁদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় ৩০০ মিটার দূরের ভাটাটি থেকে কালো ধোঁয়া দেখা গেল। কিছুক্ষণের মধ্যে ওই আমবাগান এলাকা ধোঁয়ায় ছেয়ে গেল। আঞ্জু আরা (৫০) নামের এক নারী হাঁপাতে হাঁপাতে বলেন, ‘ধোঁয়া এলে আর শ্বাস নিতে পারি না। খুব কষ্ট হয়।’
মহল্লার ভেতরে গিয়ে দেখা যায়, রওশন আরা বেওয়া (৫৫) তাঁর ঘরের বারান্দায় শুয়ে আছেন। শ্বাসকষ্টে ভুগছেন। তাঁরও একই অভিযোগ, ভাটার ধোঁয়ায় আর জান বাঁচে না। রওশন আরার ঘরের ওপরেই একটি গাছে প্রচুর আম ধরে আছে। গাছের নিচেও কয়েকটি আম পড়ে রয়েছে। তিনি বলেন, আম পাকলেও মুখে দেওয়ার উপায় নেই। তিতা-বিস্বাদ। কেউ পাড়ছে না। এমনি পড়ছে।
মহল্লার হাফিজ উদ্দিন বলেন, শ্বাসকষ্টের কারণে তাঁর আট বছরের ছেলেকে হাসপাতালে ভর্তি করেছিলেন। সাত দিন হাসপাতালে রেখে চিকিৎসা করাতে প্রায় ১৬ হাজার টাকা খরচ হয়েছে।
এলাকার ব্যবসায়ী আব্দুল খালেক বললেন, তাঁদের মহল্লায় এ রকম প্রায় অর্ধশত নারী ও শিশু ভাটার ধোঁয়ার কারণে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছে।
ভাটার প্রশাসনিক কর্মকর্তা রহিমুল আজাদ বলেন, তাঁরা স্বয়ংক্রিয় যন্ত্র দিয়ে কাজ করেন। ধোঁয়ায় কারও ক্ষতি হয় না। তবে তিনি স্বীকার করেন ভাটার পরিবেশ ছাড়পত্রের মেয়াদ পার হয়ে গেছে। অধিদপ্তর নবায়ন করেনি। তাঁরা হাইকোর্টে রিট করেছেন। আদালত ছাড়পত্রের মেয়াদ ছয় মাস বাড়িয়ে দিয়েছেন। মেয়াদ শেষ হলে আবার রিট করবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হামিদুল ইসলাম গত রোববার প্রথম আলোকে বলেন, ওই ভাটার বিষয়ে অভিযোগ পেয়ে (১৬ জুলাই) সহকারী কমিশনারকে (ভূমি) এ সম্পর্কে তদন্ত করতে বলা হয়েছে।
সহকারী কমিশমনার (ভূমি) আলমগীর কবীর গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, এখনো তদন্তের বিষয়ে কোনো নির্দেশ তিনি পাননি।