ইটভাটার ধোঁয়ায় ৩০ বিঘার বোরো ঝলসে গেছে
রংপুরের বদরগঞ্জ উপজেলায় এবিসি নামের একটি ইটভাটার চিমনি থেকে নির্গত কালো ধোঁয়া এবং বিষাক্ত গ্যাসে অন্তত ৩০ বিঘা জমির বোরো ধান ও গাছপালা ঝলসে গেছে বলে অভিযোগ উঠেছে। এতে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন। তাঁরা ক্ষতিপূরণের পাশাপাশি ওই ইটভাটা বন্ধসহ মালিকের শাস্তির দাবি জানিয়ে গত রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
উপজেলার দামোদরপুর ইউনিয়নের শেখেরহাট এলাকায় পাঁচ বছর আগে ওই ইটভাটা নির্মাণ করা হয়। এলাকার লোকজন অভিযোগ করে বলেন, ভাটা নির্মাণের পর থেকে আশপাশের জমিতে ঠিকমতো ফসল ফলছে না।
গত সোমবার সরেজমিনে ওই এলাকায় দেখা যায়, ওই ভাটার আশপাশে মাঠে থাকা কৃষকের বোরো খেত ঝলসে গেছে। গাছের শিষের ধান কালো হয়ে চিটায় পরিণত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের গাছপালাও।
ব্যাপারীপাড়া গ্রামের কৃষক আবদুস সোবহান ব্যাপারী (৫০) চার বিঘা জমিতে এবার বোরো রোপণ করেন। ওই জমিতে প্রতিবছর ধান পান ২৪০ থেকে ২৬০ মণ। ওই ইটভাটার আগুন এক সপ্তাহ আগে হঠাৎ নেভানো হয়। এর কালো ধোঁয়া ও গ্যাসে এবার তাঁর জমির ধানগাছ হলদে হয়ে গেছে। তিনি বলেন, তাঁর ওই ধানখেতসহ ইটভাটার আশপাশের প্রায় ৩০ বিঘা জমির বোরো ধানখেত ইটভাটার কারণে নষ্ট হয়েছে।
ওই গ্রামের ইয়াকুব আলী বলেন, ‘এবার জমিত ধান খুব ভালো হইছেলো। কিন্তুক ইটভাটায় হামার কোমর ভাঙ্গি দেছে। গাছোত শিষের ধান সউগ কালো হয়া গেইছে।’
আদর্শপাড়া গ্রামের শাহিনুর ইসলাম (৩০) অন্যের ৩৬ শতক জমি চুক্তি নিয়ে বোরো রোপণ করেন। ওই জমিতে তাঁর খরচ হয়েছে আট হাজার টাকা। জমির মালিককে দিতে হবে আট মণ ধান। তিনি অভিযোগ করে বলেন, ‘ভাটায় সর্বনাশ করলো, এবার মোর কী হইবে? জমি আওলাক (জমির মালিককে) কোনটে থাকি আট মণ ধান দেইম? তাঁয়তো (মালিক) ধান না নিয়া ছাইড়বার নেয়।’
ক্ষতিগ্রস্ত কৃষক আবুল কালাম (৩৫), শাহ আলমসহ অনেকে অভিযোগ করেন, ‘ওই ইটভাটার মালিক প্রভাবশালী। তাঁর বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস কারও নাই।’
গত সোমবার বিকেলে ওই ইটভাটায় গিয়ে মালিক রফিকুল ইসলামকে পাওয়া যায়নি। এ সময় ভাটার ব্যবস্থাপক আশরাফ আলী বলেন, ‘আমার ভাটার অনুমতি আছে। শ্রমিকসংকটে ইটভাটার আগুন আগাম বন্ধ করায় কিছু কৃষকের বোরো ধানখেতের ক্ষতি হয়েছে।’
উপজেলা কৃষি কর্মকর্তা মাহাবুবার রহমান বলেন, ‘ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউএনওর নির্দেশে প্রাথমিক তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়েছি। ওই ইটভাটার চিমনি থেকে নির্গত কালো ধোঁয়া ও বিষাক্ত গ্যাসে বোরো খেতের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের নাম তালিকাভুক্ত করা হচ্ছে।’